‘ধৈর্য হারিয়ে’ অস্ত্রোপচারের সিদ্ধান্ত বেলিংহ্যামের
কাঁধের সমস্যা থেকে পুরোপুরি রেহাই পেতে চলতি ক্লাব বিশ্বকাপের পরই শল্যবিদের ছুরিকাঁচির নিচে যাবেন রেয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
দুই বছর ধরে জুড বেলিংহ্যামকে ভোগাচ্ছে কাঁধের সমস্যা। এতদিন স্ট্র্যাপিং করে খেলে গেছেন তিনি। কিন্তু এখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই সমস্যা থেকে রেহাই পেতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন রেয়াল মাদ্রিদের এই অ্যাটাকিং মিডফিল্ডার।
২০২৩ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কয়েক মাস পর কাঁধে চোট পান বেলিংহ্যাম। ওই বছরের শেষ দিকে ক্লাব ও জাতীয় দলের ম্যাচ খেলতে পারেননি তিনি এই সমস্যায়।
সেই থেকে কাঁধের চোটের সঙ্গে লড়াই চলছে ২১ বছর বয়সী ইংলিশ ফুটবলারের। আর এই অস্বস্তি নিয়েই গত দুই বছর ধরে ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছেন তিনি। চলতি ক্লাব বিশ্বকাপের পরই কাঁধের এই সমস্যা সমাধান করতে চান বেলিংহ্যাম।
ক্লাব বিশ্বকাপে রোববার মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। দলের হয়ে প্রথম গোলটি করে বেলিংহ্যাম। ম্যাচ শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার কারণ তুলে ধরেন তিনি।
“আমি উপলব্ধি করতে পারছি, খুব বেশি ব্যথা নেই। তবে স্ট্র্যাপিং করে খেলতে খেলতে আমি হাঁপিয়ে উঠেছি। অতিরিক্ত ঘামার কারণে অনেক ওজন হারাচ্ছি। সিদ্ধান্ত নিয়েছি, এই টুর্নামেন্টের পর অস্ত্রোপচার করাব।”
“লম্বা সময় ধরে অপেক্ষা করছি, এখন ধৈর্য হারিয়ে ফেলছি। তবে ফিজিও ও চিকিৎসাররা এতদিন দুর্দান্ত কাজ করেছেন। আমি মুক্ত অনুভব করতে চাই।”
রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর দ্রুতই ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ওঠেন বেলিংহ্যাম। স্প্যানিশ ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। দলটির লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রাখেন অবদান।
অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে কতদিন সময় লাগবে বেলিংহ্যামের, সেটি এখনও স্পষ্ট নয়।
