ফুলহ্যামকে হারিয়ে পিএসজির বিপক্ষে মোমেন্টাম পাওয়ার আশায় লিভারপুল কোচ
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে আসন্ন লড়াইয়ে ভক্তদের পাশে চাইলেন আর্না স্লট।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হেরে লিভারপুলের আত্মবিশ্বাসে লাগে ধাক্কা। উত্থান-পতনের মৌসুমে সবশেষ ম্যাচে অবশ্য জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। পিএসজির বিপক্ষে এই মোমেন্টাম কাজে লাগাতে চান কোচ আর্না স্লট।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ফুলহ্যামকে ২-০ গোলে হারায় লিভারপুল। রিও নুগোমোহা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ।
প্রিমিয়ার লিগেও তিন ম্যাচ পর জয় পেয়েছে লিভারপুল। এফএ কাপ থেকে তারা বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলে হেরে। আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে হেরেছে ২-০ গোলে।
স্লট আশাবাদী, ব্যর্থতার জাল কেটে বেরিয়ে আসতে পারায় পাল্টাবে দলের মানসিকতা।
“দুই বা তিন দিন আগে কিংবা এক সপ্তাহ আগে দলে যে পরিস্থিতি ছিল, এখন তার চেয়ে ভালো। তবে বিষয়টা এমনও নয় যে, আমাদের এই এক জয়ের পর আবার সবকিছু ভালো হয়ে গেছে।”
“এটা বিশাল এক জয়, কেবল লিগের জন্যই নয়, আগামী মঙ্গলবারের ম্যাচের জন্যও। শুধু খেলোয়াড়দের জন্যই নয়, ভক্তদের জন্যও। ৪-০ ও ২-০ ব্যবধানে হারের পর, সবাই এই জয়ে খুশি।”
চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লক্ষ্যে মঙ্গলবার পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। সেই ম্যাচে সমর্থকদের পাশে চাইলেন স্লট।
“একটা ব্যাপার পরিষ্কার, মঙ্গলবার ভক্তদেরকে আমাদের প্রয়োজন হবে। প্যারিসেও ভক্তরা ছিলেন, তবে সেখানে আমাদের খুব কঠিন সময় কেটেছে।”
“অ্যানফিল্ড অনেকবারই দেখিয়েছে যে, এটা দলকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। আমাদের সেটা আবারও প্রয়োজন। ম্যাচ শুরুর আধ ঘণ্টা আগে খেলোয়াড়দের সেই সমর্থন প্রয়োজন হবে এবং অনুভব করতে হবে যে, আরেকটি বিশেষ সন্ধ্যা হতে যাচ্ছে।”
