১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চ্যালেঞ্জ কাপে লড়াই করে হারল বসুন্ধরা কিংস

দোরিয়েলতন গোমেস ও রাকিব হোসেনের নৈপুণ্যে দারুণ কিছুর আশা জাগালেও শেষ পর্যন্ত পারেনি বসুন্ধরা কিংস।

চ্যালেঞ্জ কাপে লড়াই করে হারল বসুন্ধরা কিংস
বসুন্ধরা কিংসকে সমতায় ফেরানোর উদযাপন রাফায়েলের, শেষ পর্যন্ত অবশ্য হেরে গেছে তার দল। ছবি: বসুন্ধরা কিংস ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 09:09 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

শুরুতে পিছিয়ে পড়া বসুন্ধরা কিংসকে সমতার স্বস্তি এনে দিলেন রাফায়েল আগুস্তো। এরপর রাকিব হোসেনের দৃষ্টিনন্দন গোলে ওমানের চ্যাম্পিয়ন আল-সাইবের বিপক্ষে দারুণ কিছুর আশা জাগাল কিংস; কিন্তু পূর্ণতা দিতে পারল না। পরে দুই গোল হজম করে হেরে গেল বাংলাদেশের দলটি।

কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে হেরেছে কিংস। 

কিক অফের পর দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত কিংস। সানডের ক্রসে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর বুদ্ধিদ্বীপ্ত সাইড ফ্লিক লাফিয়ে আটকান গোলকিপার। 

পাঁচ মিনিট পর কিংসের রক্ষণভাগের কিছুটা নিস্ক্রিয়তার সুযোগে এগিয়ে যায় আল-সাইব। আরশাদ আল আলাউইয়ের ক্রস বুক দিয়ে নামিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন নাসের আল রাওয়াহি।

এগিয়ে যাওয়ার পর বলের নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য করতে থাকে ওমানের দলটি। অধিকাংশ সময় খেলাও হতে থাকে কিংসের অর্ধে। 

২৫তম মিনিটে দোরিয়েলতনের সাথে বল দেওয়া নেওয়া করে আক্রমণে ওঠা সানডে তাড়াহুড়া করে বক্সের অনেক বাইরে থেকে শট নেন। বল যায় পোস্টের অনেক বাইরে দিয়ে। 

৪১তম মিনিটে সমতার স্বস্তি ফিরে কিংসের তাঁবুতে। কর্নারের পর বল পেয়ে সাদ উদ্দিন বাম পায়ে জোরাল শট নেন, বক্সে জটলার মধ্যে রাফায়েল আগুস্তো দারুণ দক্ষতায় প্রথম স্পর্শে বল ধরে নিখুঁত শটে জড়ান জালে। গ্যালারিতে বাংলাদেশি সমর্থকরা মেতে ওঠে উচ্ছ্বাসে।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করতে থাকে কিংস। ফ্রি কিকের পর দূরূহ কোণ থেকে রাকিব হোসেন লাফিয়ে শট নিতে চেয়েছিলেন, কিন্তু বলের সাথে সংযোগ করতে পারেনি। একটু পরই বাম প্রাণ্ত দিয়ে সানডের কাছের পোস্টে নেওয়া শট আটকান গোলকিপার।

৫৩তম মিনিটে রাকিবের গোলে এগিয়ে যায় কিংস। দোরিয়েলতনের পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা এই ফরোয়ার্ড এক ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে জায়গা করে নেন। এরপর তার বাঁকানো শট ঝাঁপিয়ে পড়া গোলকিপারকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

কিংসের আনন্দ উবে যায় সাত মিনিট পরই। ডান প্রান্ত থেকে সতীর্থের ক্রস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দেখেশুনে জোরাল শট নেন জাহির আল আঘবারি। বল চোখের পলকে ঠিকানা খুঁজে পায়। কিংস কিপার শ্রাবণ হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়েন।

৭৭তম মিনিটে আব্দুলাজিজ আল মাকবালি বক্সের বাইরে থেকে শ্রাবণকে পরাস্ত করলে জয় নিয়ে মাঠ ছাড়ে ওমানের চ্যাম্পিয়নরা। 

গ্রুপ পর্বে আগামী মঙ্গলবার লেবাননের দল আল-আনসারের মুখোমুখি হবে মারিও গোমেসের দল। এই গ্রুপের সবগুলো ম্যাচই হচ্ছে কুয়েতে।