২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা বেস্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠান বসবে দুবাইয়ে

টানা তৃতীয়বারের মতো মধ্যপ্রাচে হবে ফিফার এই অনুষ্ঠান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 05:58 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

ফিফা বর্ষসেরাদের পুরস্কার বিতরণীর আগামী বছরের অনুষ্ঠান ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ হবে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে।

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটির প্রধান জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতি বছর এই অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার, বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলের কোচ এবং দলসহ আরও বেশ কিছু ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হয়। 

ফুটবলপ্রেমী, সাংবাদিক এবং সব জাতীয় দলের অধিনায়ক ও কোচদের ভোটে এইসব সেরা নির্বচিত হয়।

দুবাইয়ে সোমবার ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে ইনফান্তিনো বলেন, “আমি ঘোষণা করছি যে, সেরা খেলোয়াড়, কোচ ও দলগুলোকে সম্মানিত করতে আমরা এক নতুন অংশীদারিত্বের চুক্তি করেছি।”

“আমরা এই খেলাকে উপভোগ করেছি এবং সামনে এই খেলার মাধ্যমে পুরো দুনিয়াকে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়াও উপভোগ করব।”

‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’-এর সবশেষ দুটি অনুষ্ঠানও হয়েছে মধ্যপ্রাচ্যে। সপ্তাহ দুয়েক আগে দোহায় সেই অনুষ্ঠানে উসমান দেম্বেলে বর্ষসেরা পুরুষ ফুটবলার ও আইতানা বনমাতি বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হন।

২০২৪ সালের অনুষ্ঠানটিও হয়েছিল কাতারের রাজধানী দোহায়।