‘ভালেন্সিয়া ম্যাচ ভীষণ কঠিন হবে’, মনে হচ্ছে আরবেলোয়ার
প্রতিপক্ষের মাঠ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরতে হলে সেরাটা নিংড়ে দিতে হবে বলে মনে করেন রেয়াল মাদ্রিদ কোচ।
ভালেন্সিয়ার মাঠে সবশেষ ১০ ম্যাচে রেয়াল মাদ্রিদের জয় স্রেফ তিনটি। সেই আঙিনাতেই ফের নামার অপেক্ষায় তারা। রেয়াল কোচ আলভারো আরবেলোয়া তাই দলকে সতর্ক করে দিলেন। বললেন, ভালেন্সিয়ার ডেরা থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরতে হলে সেরাটা নিংড়ে দিতে হবে তাদের।
লা লিগায় রোববার ভালেন্সিয়ার বিপক্ষে খেলবে রেয়াল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত দুইটায়।
লিগ টেবিলে এই মুহূর্তে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রেয়াল। তাদের চেয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
এই বছর লিগে এখনও পা হড়কায়নি রেয়ালের; চলতি বছরে চারটিসহ টানা ছয় ম্যাচ জিতে দলটির আত্মবিশ্বাস আছে তুঙ্গে। কিন্তু এবারের প্রতিপক্ষ ভালেন্সিয়া বলেই পরিসংখ্যানের দিকে তাকিয়ে সাবধানী হতে হচ্ছে আরবেলোয়াকে।
“ভালেন্সিয়া সবসময়ই দুর্দান্ত দল, সবসময় তাদের দারুণ একটা স্কোয়াড থাকে, দারুণসব খেলোয়াড় ও কোচ…ভালেন্সিয়া এমন একটা শহর, যেখানে আমরা সবসময় রেয়াল মাদ্রিদ সমর্থকদের ভালোবাসা অনুভব করি।”
“এখানে আমরা যতবারই আসি, চমৎকার আবহ থাকে, গ্যালারি পূর্ণ থাকে। অবশ্য সব দলের জন্যই রেয়ালকে হারানো বছরের চ্যালেঞ্জগুলোর একটি এবং ভালেন্সিয়ার জন্যও নিশ্চিতভাবে বিষয়টি তেমনই থাকবে। তবে আমরা এটাও জানি, ভীষণ কঠিন হবে ম্যাচটি।”
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও চোট নতু করে থাবা বসিয়েছে রেয়ালের তাঁবুতে। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ছিটকে গেছেন রদ্রিগো। সেরা একাদশ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানালেন আরবেলোয়া।
“এটা আমি আগামীকাল দেখব। আগামীকালের ম্যাচটি কতটা কঠিন হবে, সে বিষয়ে আমরা সচেতন। মেস্তায়ায় প্রতিটি সফরই কঠিন। এখানকার আবহ, ভালেন্সিয়ার যে দারুণ দলটি আছে এবং তাদের দায়িত্ব নেওয়ার পর থেকে (কোচ কার্লোস) করবেরান চমৎকার কাজ করছে।”
“আগামীকাল দুর্দান্ত একটি ম্যাচ খেলার দিকেই নিবিড় মনোযোগ আমাদের। তিন পয়েন্ট পাওয়ার যে লক্ষ্য, সেটা পূরণ করতে হলে আমরা জানি, আমাদেরকে সবটুকু ঢেলে দিতে হবে।”
দলকে সেরা ছন্দে পেতে কিছু ক্ষেত্রে কঠোর হতে হচ্ছে আরবেলোয়াকে। টানা অনুশীলনের কারণে ছুটি না পাওয়ায় খেলোয়াড়দের মধ্যে অসন্তোষের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে রেয়াল কোচ জানালেন, দলকে সেরা অবস্থায় পেতে সবকিছুই করবেন তিনি।
“কেউ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করে না এবং আমি যখন থেকে দায়িত্ব নিয়েছি এবং এরপর রায়ো ভাইয়েকানো ম্যাচ পর্যন্ত ২০ দিন কেটে গেছে এবং এই সময়ে রেয়ালের খেলোয়াড়েরা মাত্র দুই দিন ডে-অফ পেয়েছে।”
“আমি জানি না, এটা আপনাদের কাছে বেশি নাকি কম মনে হয়। কিন্তু আমার পরিকল্পনা সবসময় এমনভাবে সাজানো থাকে, যাতে করে আমাদের খেলোয়াড়রা পরের সপ্তাহের জন্য প্রবল চাপের মধ্যেও সম্ভাব্য সেরা অবস্থায় ফিরে আসে এবং আমিও এটা একইভাবে চালিয়ে যাব।”
