৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চোট নিয়েই ইতালির ইউরো দলে বারেল্লা

তবে ইন্টার মিলানের এই মিডফিল্ডারের পেশির চোট তেমন গুরুতর নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:54 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

পেশির চোটে দুই দিন আগের ম্যাচে খেলতে পারেননি নিকোলো বারেল্লা। তবে চোট তেমন গুরুতর না হওয়ায়, এই মিডফিল্ডারকে নিয়েই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দল দিয়েছেন ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি।

শিরোপা ধরে রাখার অভিযানে স্পালেত্তির কৌশলের গুরুত্বপূর্ণ অংশ বারেল্লা। তবে গত মঙ্গলবার তুরস্কের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে পেশির চোটের কারণে বাইরে ছিলেন ইন্টার মিলানের এই খেলোয়াড়। তাতে তার ইউরো অভিযানে অংশ নেওয়া নিয়েও শঙ্কা জাগে।

কিন্তু, চোট থাকার পরও তাকে যোগ করেই বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন স্পালেত্তি।

বেটিংয়ের নিয়ম ভাঙার অপরাধে সাত মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রতি ফেরা ইউভেন্তুস মিডফিল্ডার নিকোলো ফাগিওলি দলে টিকে গেছেন। 

মূল অভিযানে নামার আগে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ইতালি, আগামী রোববার বসনিয়ার বিপক্ষে।

জার্মানিতে আগামী ১৪ জুন শুরু হবে এবারের ইউরো। গতবার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ইতালি এবার কঠিন গ্রুপে পড়েছে; ‘বি’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।