২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকার প্রথম দল হিসেবে ইংল‍্যান্ডকে হারাল সেনেগাল

প্রীতি ম‍্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জিতেছে সেনেগাল।

আফ্রিকার প্রথম দল হিসেবে ইংল‍্যান্ডকে হারাল সেনেগাল
ইংল‍্যান্ডের বিপক্ষে প্রথম জয় উদযাপন করছেন সেনেগালের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2025, 08:47 AM

Updated : 26 Aug 2026, 01:10 PM

শুরুটা কী দারুণ হয়েছিল ইংল‍্যান্ডের। হ‍্যারি কেইনের গোলে সপ্তম মিনিটেই এগিয়ে গিয়েছিল টমাস টুখেলের দল। কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় তুলে নিল সেনেগাল। 

সিটি গ্রাউন্ডে মঙ্গলবার রাতে প্রীতি ম‍্যাচে ৩-১ গোলে হেরেছে ইংল‍্যান্ড। ২২ ম‍্যাচে আফ্রিকার কোনো দলের বিপক্ষে তাদের এটাই প্রথম হার। 

টানা ২৪ ম‍্যাচ ধরে অপরাজিত থাকল সেনেগাল। অন‍্য দিকে টুখেলের কোচিংয়ে প্রথম হারের তেতো স্বাদ পেল ইংল‍্যান্ড।

২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় জালে বল পাঠিয়েছিলেন জুড বেলিংহ‍্যাম। কিন্তু আক্রমণের শুরুর দিকে হ‍্যান্ডবলের কারণে ভিএআরের সাহায‍্য নিয়ে গোল দেননি রেফারি। 

৪০তম মিনিটে নিকোলাস জ‍্যাকসনের ক্রসে সেনেগালকে সমতায় ফেরান ইসমাইলা সার। টুখেল কোচ হয়ে আসার পর এটাই ইংল‍্যান্ডের জালে প্রথম গোল। 

৬২তম মিনিটে সেনেগালকে এগিয়ে নেন হাবিব দিয়ারা। যোগ করা সময়ে ব‍্যবধান আরও বাড়ান শেখ সাবালি। শেষ বাঁশি বাজতেই দুয়ো দিতে থাকেন ইংলিশ সমর্থকরা।