এশিয়ান বিচ কাবাডি গেমসে দুই বিভাগে বাংলাদেশের জয়
দিনের শুরুতে মেয়েরা থাইল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর ছেলেরাও জিতেছে সিরিয়ার বিপক্ষে।
এশিয়ান বিচ কাবাডি গেমসে দারুণ একটি দিন পার করল বাংলাদেশ। থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে শুভসূচনা করল মেয়েরা। এরপর ছেলেরাও জিতেছে সিরিয়ার বিপক্ষে।
চীনের সানিয়ায় বৃহস্পতিবার নারী বিভাগে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল দল।
ছেলেদের বিভাগে সিরিয়াকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ৫৪-২৩ পয়েন্টের ব্যবধানে জিতে নেয় ম্যাচ। প্রথমার্ধেই ২৯-৮ পয়েন্টে এগিয়ে ম্যাচের লাগাম মুঠোয় নিয়েছিল দল।
শুক্রবার মেয়েরা দ্বিতীয় ম্যাচ খেলবে চাইনিজ তাইপেকে ৪৮-৩২ ব্যবধানে হারিয়ে শুরু করা নেপালের বিপক্ষে। ছেলেরা লড়বে পাকিস্তানের বিপক্ষে। ইরানের বিপক্ষে ৩৮-২৮ পয়েন্টে হেরে গ্রুপ পর্ব শুরু করেছে পাকিস্তান।
