‘হংকং চায়নাকে হারানোর মতো দল আমাদের আছে’
সিঙ্গাপুর ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি হংকং চায়নার বিপক্ষে দেখতে চান না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সোহেল রানা।
ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি সিঙ্গাপুর ম্যাচের মতোই ভর করছে উত্তুঙ্গ প্রত্যাশা। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে গ্যালারির টিকেট। সোহেল রানাও টের পাচ্ছেন সমর্থকদের চাওয়াটা। এই মিডফিল্ডারের বিশ্বাস, দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন তারা।
জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম দিনের প্রস্তুতি অবশ্য হয়নি প্রত্যাশা অনুযায়ী। বৃষ্টি আর বজ্রপাতের বাগড়ায় ভেস্তে গেছে অনুশীলন। অথচ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকং চায়নার বিপক্ষে ম্যাচের খুব বেশি দেরি নেই। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগ এবং ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে হবে ফিরতি লেগ।
প্রাথমিক দলে জায়গা পাওয়া ৩০ জনের মধ্যে ২২ জনকে নিয়ে এদিন প্রস্তুতি নিতে এসেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু বিরূপ আবহাওয়ায় ঠিকঠাক অনুশীলন সারতে পারেননি তিনি। ফলে সবশেষ নিজেদের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ভুলগুলো নিয়েও কাজ শুরু করতে পারেননি কোচ। সোহেল অবশ্য অনুশীলনে নামার আগে বর্তমান দলের ওপর আস্থা রেখে বললেন, সিঙ্গাপুর ম্যাচের ভুলগুলো খুঁজে পেয়েছেন তারা।
“সিঙ্গাপুর ম্যাচে আমাদের কিছু ভুল ছিল। আন্তর্জাতিক পর্যায়ে এই ভুলগুলো করলে প্রতিপক্ষ কোনো সুযোগ দেবে না ঘুরে দাঁড়ানোর জন্য। দেখলাম যে আমাদের নিজেদের ভুলের কারণেই সিঙ্গাপুর ম্যাচটা জিততে পেরেছে।”
“হংকংয়ের বিপক্ষে যে কাজগুলো করতে হবে, সেগুলো যদি সঠিকভাবে না করতে পারি, তাহলে আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। আমরা বিশ্বাস করি, হংকংয়ের বিপক্ষে আমাদের জেতার মতো দল আছে। এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে আছে। বিশ্বাস করি ম্যাচটা জিততে পারব।”
এরই মধ্যে গ্যালারির টিকেট বিক্রি হয়ে গেছে। ফুটবলপ্রেমীদের এই উন্মাদনা মনে ধরেছে সোহেলের। সমর্থকদের চাওয়া পূরণের প্রশ্নে আশাবাদী এই অভিজ্ঞ মিডফিল্ডার।
“তাড়াতাড়ি টিকেট বিক্রি হওয়াটা ফুটবলের জন্য ইতিবাচক এক বার্তা। একই সঙ্গে আমাদের খেলোয়াড়দের দায়িত্ব আরও বেড়ে যায়। কারণ সিঙ্গাপুর ম্যাচেও একই জিনিস ঘটেছে। দর্শকেরা চাচ্ছিল ম্যাচটা যেন আমরা জিততে পারি, কিন্তু পারিনি। তাই এই জিনিসটা খেলোয়াড়দের মধ্যে কাজ করছে, যেন আমরা ফল উপহার দিতে পারি দেশকে। কোচ এটা নিয়ে কাজ করছেন।”
“হংকংয়ের ম্যাচটা চাইব ঘরের মাঠে যেন জিততে পারি। এটা অবশ্যই খেলোয়াড়দের বাড়তি প্রেরণা দেবে। সমর্থকেরা যেভাবে আমাদের সমর্থন করে মাঠে আসে, তাই আমরা চাইব ম্যাচটা জিততে। কোয়ালিফাই করতে হলে এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা ম্যাচটা সেভাবেই দেখছি। যেভাবেই হোক জিততে হবে। এটাই আমাদের প্রথম ফোকাস।”
প্রথম দিনের প্রস্তুতিতে মোহামেডানের ছয় খেলোয়াড় এবং হামজা চৌধুরী ও শোমিত সোম ছিলেন না। মোহামেডানের খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার কথা মঙ্গলবার রাতে। দলে শোমিত যোগ হওয়ায় মাঝমাঠে জায়গা পাওয়ার লড়াই জমেছে, যা ইতিবাচক হিসেবে দেখছেন সোহেল।
“একটা দলে যত (জায়গা পাওয়ার) চ্যালেঞ্জ থাকবে, সেটা দলের জন্য ভালো। এই চ্যালেঞ্জটা থাকা উচিত। একই পজিশনে দুই-তিন-চারটা খেলোয়াড় আছে, সেটা ব্যক্তিগতভাবে নিচ্ছি না, বরং দলের শক্তি হিসেবেই বিবেচনা করছি। প্রত্যেকটা পজিশনে যদি খেলোয়াড় থাকে, তাহলে এটা দলের জন্যই ভালো। আর এটা অবশ্যই ভালোভাবেই দেখছি।”
