২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্রামের ঘাটতি থাকলেও রেয়াল ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী সিমেওনে

আতলেতিকো মাদ্রিদ কোচের মতে, টানা সূচির ধকলের সঙ্গে মানিয়ে নিচ্ছে তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2024, 11:17 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

রেয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্রেফ একদিন বিশ্রাম পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। যা নিয়ে কিছুটা ক্ষোভ ঝরল স্প্যানিশ ক্লাবটির কোচ দিয়েগো সিমেওনের কণ্ঠে। তবে নিজেদের মানিয়ে নিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে আত্মবিশ্বাসী আর্জেন্টাইন এই কোচ।

লা লিগায় মাদ্রিদ ডার্বিতে রোববার মুখোমুখি হবে রেয়াল ও আতলেতিকো। রোববার বাংলাদেশ সময় রাত একটায় শুরু মাঠের লড়াই।

লিগ শিরোপার দৌড়ে প্রায় প্রতি মৌসুমেই থাকে আতলেতিকো। তবে ২০২০-২১ মৌসুমের পর ট্রফিটি আর ঘরে তুলতে পারেনি তারা। ছন্দে থাকা দলটি এবার আপাতত পয়েন্ট টেবিলে আছে তৃতীয় স্থানে। শিরোপাধারী রেয়াল ও আতলেতিকোর জন্য লড়াইটি বেশ গুরুত্বপূর্ণ।

গত মঙ্গলবার আলাভেসের বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে সবশেষ মাঠে নামে রেয়াল। আতলেতিকোর বিপক্ষে লড়াইয়ের আগে তারা সময় পেয়েছে চার দিন। সেখানে বৃহস্পতিবার সবশেষ ম্যাচ খেলা আতলেতিকো মাঝে বিশ্রাম পেয়েছে কেবল একদিন।

স্বাভাবিকভাবেই চনমনে হয়ে মাঠে নামবে রেয়াল। কিন্তু ক্লান্তি-শ্রান্তি সঙ্গী থাকবে আতলেতিকোর। আগের দিনের সংবাদ সম্মেলনে এনিয়ে কথা বলার সময় সিমেওনের কণ্ঠে ঝরল হতাশাও। তবে সব শেষ মৌসুমে রেয়ালকে দুইবার হারানো কোচ এবারও ধরে রাখছে চান সাফল্য।

“আমরা যা করছি তার ওপর ভিত্তি করে দুই দিনে বিষয়গুলোতে পরিবর্তন করা কঠিন। এখনও আমাদের ভারসাম্য খুঁজে পাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি। নিজেদের মানিয়ে নিচ্ছি এবং আমরা এটা কমবেশি ঠিক করতে পারি। তবে এটা সত্য যে, আমাদের আরও সময় প্রয়োজন।”

“যেমন আছে তেমনই মেনে নিচ্ছি। আমরা এটা (বিশ্রামের কথা) আগেও বলেছিলাম যখন আমরা আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে (কোপা দেল রে) সেমি-ফাইনালে খেলতে গিয়েছিলাম। তারা পাঁচ দিন বিশ্রাম পেয়েছিল এবং আমাদের দুই দিনের বিশ্রাম ছিল। কেউ পাত্তা দেয় না।”