ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 26 Oct 2025, 12:29 AM
দীর্ঘ অপেক্ষা আর অনেক প্রতিকূলতা পেরিয়ে অবশেষে যেন সাফল্যের পথ খুঁজে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আত্মবিশ্বাসী পারফরম্যান্সে এবার তারা হারিয়ে দিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে স্বাগতিকরা।
মাথেউস কুইয়ার গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। দ্বিতীয়ার্ধে ব্রায়ান এমবুমোর জোড়া গোলের মাঝে দুটি গোল করে ম্যাচে রোমাঞ্চ ছড়ায় ব্রাইটন।
গত মৌসুমে লিগে দুই দেখাতেই ব্রাইটনের বিপক্ষে হেরেছিল ইউনাইটেড। সেই ক্ষতে এবার কিছুটা প্রলেপ দিতে পারল কয়েক বছর ধরে অতীদের কঙ্কাল হয়ে ওঠা দলটি।
২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া হুবেন অ্যামুরির কোচিংয়ে গত সপ্তাহের আগ পর্যন্ত প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জয়ের গল্প ছিল না ইউনাইটেডের। গত রোববার লিভারপুলকে হারিয়ে সেই স্বাদ পায় তারা। আর এবার ছয় দিনের মাথায় সংখ্যাটা তিনে নিল প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি।
৯ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে নিয়ে চতুর্থ স্থানে উঠেছে ইউনাইটেড। ২০২২-২৩ মৌসুমের পর এই প্রথম লিগ টেবিলের চার নম্বরে উঠল দলটি।
প্রথমার্ধে পজেশন রাখায় কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণভাগে ইউনাইটেড ছিল বেশ তৎপর। ২৪তম মিনিটে কুইয়ার নৈপুণ্যে গোলের দেখাও পেয়ে যায় তারা। কাসেমিরোর পাস ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরাল নিচু শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
গত মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে সাতবার ডি-বক্সের বাইরে থেকে গোল করলেন কুইয়া, প্রিমিয়ার লিগের আর কোনো খেলোয়াড় পারেনি।
উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স থেকে গত জুনে ওল্ড ট্র্যাফোর্ডে আসা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটা ইউনাইটেডের জার্সিতে প্রথম লিগ গোল।
এগিয়ে যাওয়ার ১০ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পায় ইউনাইটেড এবং এখানেও জড়িয়ে কাসেমিরোর নাম। যদিও ভাগ্যের দারুণ সহায়তা পান তিনি। ডি-বক্সের বেশ বাইরে থেকে তার জোরাল শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়, কিছুই করার ছিল না গোলরক্ষকের।
৬১তম মিনিটে আরেকটি দারুণ গোলে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলে ইউনাইটেড। বেনিয়ামিন সেসকোর পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন এমবুমো।
টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড। লিভারপুলের বিপক্ষে দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে নিয়েছিলেন তিনি।
৭৪তম মিনিটে দর্শনীয় গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় সফরকারীরা। প্রায় ২২ গজ দূর থেকে চমৎকার ফ্রি কিকে রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন ড্যানি ওয়েলবেক।
গোল পেয়ে চাপ বাড়ায় ব্রাইটন। সুযোগও আসতে থাকে তাদের।
সাত মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান আরও কমিয়ে ইউনাইটেডের বুকে কাঁপন ধরায় ব্রাইটন। জেমস মিলনারের কর্নারে দারুণ হেডে গোলটি করেন ১৮ বছর বয়সী গ্রিক ফরোয়ার্ড কস্তুলাস।
চার মিনিট পর প্রতি-আক্রমণে সব অনিশ্চয়তার ইতি টানেন এমবুমো। বদলি নামা তরুণ সেন্টার-ব্যাক এইডেন হেভেন মাঝমাঠ থেকে থ্রু বল বাড়ান, সেটাই ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে দলকে উচ্ছ্বাসে ভাসান তিনি।
গোলটি কতটা স্বস্তি বয়ে আনে ইউনাইটেড শিবিরে, তা অ্যামুরির ভঙ্গিতেই ফুটে ওঠে। বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তিনি, এরপর স্বস্তিতে পানি পান করেন।