‘বিশ্বাস করতে পারছি না’, সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে ফাইনাল নিয়ে বেলিংহ্যাম
ফাইনালে দুই দলের লড়াইটা দারুণ হবে বলে মনে করেন রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার।
ক্যারিয়ারে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলার সুযোগ। জুড বেলিংহ্যামের জন্য উপলক্ষটা তাই বিশেষ কিছু। বাড়তি আবেগেরও। ফাইনালের প্রতিপক্ষ যে তারই সাবেক দল বরুশিয়া ডর্টমুন্ড। ফলে একরকম ঘোরের মধ্যে আছেন রেয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার।
বার্মিংহ্যাম সিটিতে পেশাদার ক্যারিয়ার শুরুর পর ২০২০ সালে ডর্টমুন্ডে যোগ দেন বেলিংহ্যাম। স্রেফ ১৯ বছর বয়সে জার্মান দলটির নেতৃত্বও পেয়ে যান তিনি। তিন মৌসুম বুন্ডেসলিগার দলটিতে কাটিয়ে গত জুনে তিনি নাম লেখান রেয়ালে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে পা রাখার পর শুরু থেকেই তিনি মাঠ রাঙিয়ে চলেছেন তার দারুণ পারফরম্যান্সে। দ্রুতই হয়ে উঠেছেন ক্লাবের ভরসা। এই মৌসুমে রেয়ালের লা লিগা জয়ের পথে এখন পর্যন্ত ২৬ ম্যাচে গোল করেছেন দলের হয়ে সর্বোচ্চ ১৮টি।
চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে তার গোল ও অ্যাসিস্ট সমান ৪টি করে। বুধবার সেমি-ফাইনালের ফিরতি লেগে দুর্দান্ত প্রত্যাবর্তনের আরেকটি গল্প লিখে, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রেয়াল।
ম্যাচের পর নিজের সাবেক দলের বিপক্ষে ফাইনাল নিয়ে ২০ বছর বয়সী বেলিংহ্যাম বলেন, “ওয়েম্বলিতে ডর্টমুন্ডের বিপক্ষে ফাইনাল, বেশ অদ্ভুত লাগছে, আমি বিশ্বাস করতে পারছি না। ফাইনালের জন্য মুখিয়ে আছি।”
আরেক সেমি-ফাইনালে পিএসজিকে দুই লেগেই ১-০ গোলে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নেয় ডর্টমুন্ড। আসরে তারা এতদূর আসবে, মৌসুমের শুরুতে অনেকে হয়তো কল্পনাও করেনি। বেলিংহ্যামের মতে, যোগ্য দল হিসেবেই ফাইনালে এসেছে ডর্টমুন্ড।
"ডর্টমুন্ড ফাইনালে, কারণ তারা এটির যোগ্য, আমরা ফাইনালে, কারণ এটা আমাদের প্রাপ্য। প্রতিযোগিতার এই পর্যায়ে যারা এসেছে, তারাই যোগ্য…আশা করি দারুণ একটি ম্যাচ হবে।”
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল হবে আগামী ১ জুন। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ১৫তম শিরোপার লক্ষ্যে নামবে রেয়াল, আর ডর্টমুন্ডের সামনে ট্রফিটি দ্বিতীয়বার জয়ের হাতছানি।
