১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভিনিসিউসকে তুলে নেওয়ার ব‍্যাখ‍্যা দিলেন রেয়াল কোচ

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কেন পুরো ৯০ মিনিট খেলাননি, বললেন মরিনিয়ো।

ভিনিসিউসকে তুলে নেওয়ার ব‍্যাখ‍্যা দিলেন রেয়াল কোচ
ভিনিসিউস জুনিয়র ও জোসে মরিনিয়ো। ছবি: মাদ্রিদ জোন এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 08:43 PM

Updated : 16 Sep 2026, 01:01 PM

রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ভিনিসিউস জুনিয়রকে তুলে নেওয়ার কারণ জানিয়েছেন জোসে মরিনিয়ো। রেয়াল মাদ্রিদ কোচ বলেছেন, তিন দিন পরেই আরেকটা ম‍্যাচ থাকায় ব্রাজিলিয়ান তারকার বিশ্রাম প্রয়োজন ছিল।

লা লিগায় বুধবার মৌসুমে প্রথম হোম ম্যাচে ৪-১ গোলের জয় পায় রেয়াল মাদ্রিদ। হ‍্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। অন‍্য গোলটি করেন ভিনিসিউস। 

দল ৪-১ ব‍্যবধানে এগিয়ে থাকা অবস্থায় এই ফরোয়ার্ডকে তুলে নেন মরিনিয়ো। গত মৌসুমে তাকে বদলানো নিয়েই ঘটেছিল তুলকালাম। সেই সময়ের কোচ শাবি আলোন্সোর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভিনিসিউস। দেখান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। 

পরে এক বিবৃতিতে ক্ষমা চাইলেও, সেখানে কোচের কথা উল্লেখ করেননি ভিনিসিউস। দলের বাজে পারফরম‍্যান্সে মৌসুমের মাঝপথে চাকরি হারান আলোন্সো। সেই ঘটনার পর নতুন মৌসুমের শুরুতেই ভিনিসিউসের বদলি নিয়ে টুকটাক প্রশ্ন উঠতে শুরু করে।

তবে ম‍্যাচ চলার সময়ই স্পষ্ট হয়ে যায় যে, এবার পরিস্থিতি ভিন্ন। মাঠ ছাড়ার সময় মরিনিয়োর সঙ্গে হাত মেলান ভিনিসিউস। কোচকে আলিঙ্গনেও বাঁধেন তিনি। দুজনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় তখন।

ম‍্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিনিয়ো পরিষ্কার করেন, গোল না পেলে হয়তো পুরো ম‍্যাচেই খেলতেন ভিনিসিউস।

“আমরা একই ভাষায় একই বলি, যে কারণে মজা করাটা সহজ হয়। ওই গোল ছাড়া এবং দ্বিতীয়ার্ধে ভালো খেলার অনুভূতি ছাড়া আমি কখনও তাকে তুলে নিতাম না। 

“আমি তাকে তুলে নিয়েছিলাম, কারণ তার কিছুটা বিশ্রাম প্রয়োজন এবং তিন দিনের মধ‍্যেই আরেকটা ম‍্যাচ আছে। আমি মনে করি, ভক্তদের ভালোবাসা পেতে তার জন‍্য এটা ভালোই হয়েছে, বিশেষ করে গত মৌসুমে যেখানে সে কখনও কখনও দুয়ো শুনেছিল।”

দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে থাকা রেয়াল মাদ্রিদ আগামী রোববার মালাগার মুখোমুখি হবে।