১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

এবার ফেডারেশন কাপে হোঁচট খেল মোহামেডান

শেষ দিকের গোলে কোনোমতে হার এড়িয়েছে আলফাজ আহমেদের দল।

এবার ফেডারেশন কাপে হোঁচট খেল মোহামেডান
লিগের পর কাপ প্রতিযোগিতায়ও বাজে শুরু করল মোহামেডান। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 06:05 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

দুঃসময়ের বলয় থেকে কিছুতেই যেন বেরিয়ে আসতে পারছে না মোহামেডান। লিগে হারের পর এবার ফেডারেশন কাপেও হোঁচট খেয়েছে তারা। ফর্টিস এফসির বিপক্ষে পিছিয়ে পড়ার পর শেষ দিকের গোলে কোনোমতে হার এড়িয়েছে আলফাজ আহমেদের দল।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে ফর্টিসের সাথে ১-১ ড্র করে মোহামেডান। পুলিশ এফসিকে হারিয়ে ফেডারেশন কাপ শুরুর পর, দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল প্রতিযোগিতার ১১ বারের চ্যাম্পিয়নরা।

খেলোয়াড়দের বকেয়া বেতন, পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যানের পদ থেকে গোলাম মোহাম্মদ আলমগীরের পদত্যাগ-সাম্প্রতিক সময়ে এমন নানা নেতিবাচক ইস্যুতে জেরবার মোহামেডান। তাদের মাঠের পারফরম্যান্সও ভালো নয়।

এর আগে সবশেষ বাংলাদেশ ফুটবল লিগ ম্যাচে তারা হেরেছিল ফকিরেরপুল ইয়ংমেন’সের কাছে, ২-০ গোলে। 

ফর্টিসের বিপক্ষেও তাদের শুরুটা ছিল সাদামাটা। ২৭তম মিনিটে অনন্ত তামাংয়ের হেড গোলকিপার সাকিব আল হাসান ফিস্ট করার পর, হেডেই ফর্টিসকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাফোর ওনিয়াকাচি। 

৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত; পা ওমর বাবুর কাটব্যাক থেকে ওমর আব্দুল্লাহর শট ফিস্ট করে ফেরান সাকিব। একটু পর স্যামুয়েল বোয়াটেংয়ের শট ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে গেলে সমতায় ফেরা হয়নি মোহামেডানের।

বোয়াটেংয়ের গোলেই শেষ দিকে স্বস্তি ফিরে মোহামেডান শিবিরে। ‘সাদাকালো’ জার্সিধারীদের কয়েকটি প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পর ৮৬তম মিনিটে মোজাফ্ফর মোজাফ্ফরভেরে নিচু কর্নারে বক্সে জটলার ভেতর থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ঘানার এই ফরোয়ার্ড।

গ্রুপের অন্য ম্যাচে, আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে অবশ্য শীর্ষেই আছে মোহামেডন। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পুলিশ।