রদ্রিকে ফেরাতে মরিয়া গুয়ার্দিওলা
ম্যানচেস্টার সিটি কোচের বিশ্বাস, অভিজ্ঞ এই মিডফিল্ডার মাঠে ফিরলে তাদের রক্ষণের সমস্যা কেটে যাবে।
রক্ষণ খুব ভুগছে ম্যানচেস্টার সিটি। ফরোয়ার্ডরা গোল করছেন ঠিকই, কিন্তু হজমও করছে তারা অস্বাভাবিক হারে। কোচ পেপ গুয়ার্দিওলা মনে করছেন, রক্ষণে এই ভোগান্তির একটা কারণ রদ্রির অনুপস্থিতি।
অনেক সমস্যার সমাধান এই স্প্যানিশ মিডফিল্ডারকে এখনই পাচ্ছে না সিটি। আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে তাদের।
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর গত দুই মাসে মাত্র এক মিনিট খেলতে পেরেছেন রদ্রি। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৫ অক্টোবর পাওয়া সেই চোট থেকে এখনও সেরে উঠেননি। তার ওপর আগের বছর এসিএল চোটের ধাক্কাও পুরোপুরি সামলে উঠতে সময় লাগছে। তাই শনিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে যেমন থাকবেন না, তেমনি বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের মাঠেও তাকে পাওয়া প্রায় অসম্ভব।
সবশেষ ৫ ম্যাচে ১২ গোল করার বিপরীতে ১০টি হজম করেছে সিটি। এর মধ্যে কেবল এক ম্যাচে জাল অক্ষত রাখতে পারে তারা।
প্রিমিয়ার লিগে মঙ্গলবার ফুলহ্যামের বিপক্ষে এক সময় ৫-১ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কোনোমতে ৫-৪ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে পারে সিটি। এই ম্যাচ তো বটেই সাম্প্রতিক সময়ের আরও অনেক ম্যাচে ২৯ বছর বয়সী রদ্রির অভাব প্রবলভাবে অনুভব করেছেন কোচ গুয়ার্দিওলা।
“রদ্রি অন্য স্তরের খেলোয়াড়। একদম অন্যস্তরের। ফুলহ্যামের বিপক্ষে শেষ ২০ মিনিটেও যদি রদ্রি নামত, ঠিক মাঝখানে, জানেন কী হতো?”
“স্রেফ উপস্থিত থেকে, এমনকি বল না ছুঁয়েও? বাকি ১০ জন খেলোয়াড় নিরাপদ বোধ করে। সে বল স্পর্শ না করলেও অন্যরা আরও ভালো খেলে। স্রেফ সে থাকলেই এটা ঘটে। আর দেড় বছর ধরে আমাদের কাছে তা নেই।”
ফুলহ্যাম, লিডস, বায়ার লেভারকুজেন এবং নিউক্যাসল- শেষ চার ম্যাচে সিটি হজম করেছে ১০ গোল। ৩২ গোল করে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা তারা, কিন্তু হজম করা ১৬ গোল শীর্ষ ছয়ের মধ্যে যে কারও চেয়ে বেশি। এই সমস্যা সমাধানে রদ্রির জন্য উন্মুখ হয়ে অপেক্ষায় গুয়ার্দিওলা।
“আমরা তাকে চাই। কিছু খেলোয়াড় আছে যাদের বিকল্প পাওয়া সম্ভব নয়, তারা ভালো কেবল সে কারণেই নয় বরং অন্যদের জন্য তারা যা করে সে কারণে। অন্যরা ভাবে, ‘ওখানে তো রদ্রি আছে।’ তারা বল তাকে দেয় এবং জানে (বল) হারাবে না। সে জানে কখন জায়গা ফাঁকা, কখন খেলায় পরিবর্তন করতে হয়, সে অনন্য।”
“আমি তাকে ফেরাতে মরিয়া হয়ে আছি। মাদ্রিদে হোক বা পরের ম্যাচে। কিন্তু তারপর যদি আরও ছয় সপ্তাহ বাইরে থাকতে হয়, সেটার কোনো মানে নেই। আমি নিশ্চিত হতে চাই। সে ইতোমধ্যে মাঠে অনুশীলন শুরু করেছে। আশা করি, কয়েক সপ্তাহের মধ্যে ফিরতে পারবে। ফিরে এলে তাকে প্রাক-মৌসুমের মতোই প্রস্তুতি নিতে হবে। টানা ৯০ মিনিট করে খেলা তার পক্ষে সম্ভব নয়। যখন একজনের এসিএল চোট হয়, পুরো দেহই বদলে যায়।”
স্রেফ সিটির কথাই ভাবছেন না গুয়ার্দিওলা। স্পেনের স্বার্থও তার ভাবনায় আছে।
“তার সামনে বিশ্বকাপ আছে। এর আছে পরবর্তী মৌসুম, তার পরের মৌসুম… তাকে যত দ্রুতই ফেরানো হোক না কেন, সেটি বর্তমান সময়ের জন্য নয়। বরং মৌসুমের শেষভাগ এবং আগামী মৌসুমের জন্য গুরুত্বপূর্ণ। এটিই মূল ব্যাপার।”
প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ৯ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে। শনিবার রাত ৯টায় ঘরের মাঠে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে সিটি।
