এই হলান্ডকে আটকাতে প্রয়োজন ‘চার সেন্ট্রাল ডিফেন্ডার’
ভবিষ্যতে কখনও এমন ভয়ঙ্কর ফরোয়ার্ডের প্রতিপক্ষ দলের ডাগআউটে থাকতে চান না গুয়ার্দিওলা।
প্রতিপক্ষ দলের কোচ হিসেবে আর্লিং হলান্ডকে আটকানোর ছক একবারই করতে হয়েছিল পেপ গুয়ার্দিওলাকে। বাকি জীবনে সেই অভিজ্ঞতা আর পেতে চান না তিনি। তবে এখন প্রতিপক্ষ কোচ হিসেবে থাকলে অপ্রতিরোধ্য এই হলান্ডকে আটকানোর সম্ভাব্য একটি পথ বাতলে দিলেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সেই রাখতে হবে চারজনকে!
ক্লাবের জার্সি গায়ে হোক বা দেশের জার্সি, এই মৌসুমে প্রতিপক্ষ দলের রক্ষনে ম্যাচের পর ম্যাচ আতঙ্ক ছড়িয়ে যাচ্ছেন হলান্ড। ক্লাব ও দেশের হয়ে ১২ ম্যাচে গোল করে ফেলেছেন ২১টি। মলদোভার বিপক্ষে পাঁচ গোল, ইসরাইলের বিপক্ষে হ্যাটট্রিক করে নরওয়েকে নিয়ে গেছেন বিশ্বকাপে জায়গা করে নেওয়ার কাছাকাছি।
সিটির হয়ে ১২ গোল করেছেন তিনি ৯ ম্যাচেই। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হারের ম্যাচটি ছাড়া গোল করেছেন অন্য সব ম্যাচেই।
আন্তর্জাতিক বিরতি শেষে শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরছেন তিনি ক্লাবের হয়ে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পেপ গুয়ার্দিওলা বললেন, এমন একজন ফরোয়ার্ডকে নিজ দলে পাওয়াটাই বড় স্বস্তির।
“সে যখন ডর্টমুন্ডে ছিল, তার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা হয়েছিল আমার। আশা করি, বাকি জীবনে আর কখনও তার মুখোমুখি হতে হবে না। আমি প্রতিপক্ষ ম্যানেজার হলে এখন তাকে আটকাতে চারজন সেন্ট্রাল ডিফেন্ডার রাখতাম।”
“সে শীর্ষ মানের ফুটবলার। বিশ্ব ফুটবলে হয়তো চার-পাঁচ-ছয়জন বা দশজন ফুটবলার আছে, যারা একা পার্থক্য গড়ে দিতে পারে। সে তাদেরই একজন। আশা করি, সে বহু বছর আমাদেরই থাকবে এবং তাতে আমরা খুবই খুশি।”
ক্লাবের হয়ে গত দুই মৌসুমেও ভালো ফর্মে ছিলেন হলান্ড। তবে তাকে সেরা চেহারায় এখনই দেখছেন সিটি কোচ। পাশাপাশি জানিয়ে রাখলেন, বাজে সময়েও তিনি প্রবলভাবেই থাকবেন পাশে।
“হ্যাঁ, অবশ্যই (হলান্ডের সেরাটা দেখছি)। সে খুব ভালো অনুভব করছে এখন এবং তার পারফরম্যান্সের মান, শুধু গোলের দিক থেকে নয়, অনেক দিক থেকেই অসাধারণ।”
“আমি নিশ্চিত বলতে পারি, এই পারফরম্যান্সে ভাটা পড়বেই। কারণ এতটা অসাধারণ ফর্ম টানা ধরে রাখা সম্ভব নয়। তবে তখনও আমি তার পাশে থাকব, আমরা তার পাশে থাকব। বাজে সময়ে সবসময়ই পরস্পরের পাশে থাকতে হবে আমাদের। এখন খুব বেশি প্রশংসা ও বিশেষ স্তুতি তার প্রয়োজন নেই।”
