২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাঁচা-মরার’ ম্যাচে জিততে আত্মবিশ্বাসী মেক্সিকো

দলের ফুটবলারদের ওপর অগাধ আস্থা মেক্সিকো কোচ হাইমে লোসানোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 05:09 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

দেয়ালে ঠেকে গেছে পিঠ। কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠতে একুয়েডরের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেক্সিকোর। বাঁচা-মরার ম্যাচটিতে ‘জীবন দিয়ে খেলতে’ প্রস্তুত তারা। প্রতিপক্ষকে হারিয়ে শেষ আটে উঠতে আত্মবিশ্বাসী দলটির কোচ হাইমে লোসানো।

অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে মাঠের লড়াইয়ে নামবে মেক্সিকো ও একুয়েডর। ‘বি’ গ্রুপের এই ম্যাচে জিততেই হবে মেক্সিকোর। হারলে বা ড্র করলে ছিটকে পড়তে হবে তাদের টুর্নামেন্ট থেকে।

গ্রুপটি থেকে এরই মধ্যে শেষ আট নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। দুই ম্যাচের দুটিই জিতেছে তারা। একটি করে জয়-পরাজয়ে দুই ম্যাচে একুয়েডর ও মেক্সিকোর পয়েন্ট সমান ৩। দুই দলের মুখোমুখি লড়াইটি ড্র হলে একুয়েডর চলে যাবে পরের ধাপে। কারণ গোল ব্যবধানে মেক্সিকোর চেয়ে এগিয়ে তারা।

একুয়েডর যে ছেড়ে কথা বলবে না, ভালো করেই জানেন লোসানো। মেক্সিকো কোচ মনে করছেন, প্রতিপক্ষও নিজেদের সবটুকু নিংড়ে দেবে এই ম্যাচে। তবে নিজের খেলোয়াড়দের ওপর আস্থা আছে তার।

“আগামীকাল দুই দলই তাদের জীবন দিয়ে খেলবে, এটি একটি উত্তেজনাপূর্ণ ৯০ মিনিট হবে। আমরা জানি আমাদের জিততে হবে, এই ফলাফলই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা নিজেদের ওপর নির্ভর করি, আমাদের বুদ্ধিদীপ্ত ফুটবল খেলতে হবে।”

“দলের মধ্যকার আবহ ভালো। আমি শান্ত আছি, কারণ দল মাঠে যা দেখিয়েছে এবং আমাকে আশ্বস্ত করেছে যে, তারা শক্তিশালী।”

মেক্সিকোর কোচ হিসেবে লোসানোর ভবিষ্যৎ এখন হুমকির মুখে। গত মার্চে কনকাকাফ নেশন্স লিগের ফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যায় তারা। এখন কোপা আমেরিকায়ও তাদের পারফরম্যান্স অনুজ্জ্বল। ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে লোসানো ছেড়ে দেন তা কর্তৃপক্ষের ওপর।

“সিদ্ধান্ত (দল ছাড়ার) আমার একার নয়। একজন কোচ হিসেবে আপনি জানেন যে আপনার ফলাফল দরকার এবং আমাদের পয়েন্ট পেতে হবে।”