১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘৩৪ বছরের একজন দলের ভবিষ্যৎ নয়’ সিলভার সমালোচনায় আনচেলত্তি জবাব

বিশ্বকাপ শেষ হতেই অভিজ্ঞ অনেককে বাদ দিয়ে তারুণ্যনির্ভর দল সাজিয়েছেন ব্রাজিল কোচ।

‘৩৪ বছরের একজন দলের ভবিষ্যৎ নয়’ সিলভার সমালোচনায় আনচেলত্তি জবাব
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 09:18 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

হতাশাজনক পারফরম্যান্সে বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায়ের পর, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি দলে যে অনেক পরিবর্তনের আভাস দেন, বাস্তবে সেটারই দেখা মিলল। স্কোয়াডে তার তরুণদের প্রাধান্য দেওয়ার ভাবনা নিয়ে কয়েকদিন আগে যে সমালোচনা করেন চিয়াগো সিলভা, সেই বিষয়েও পাল্টা জবাব দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

এবারের বিশ্বকাপ শেষের ১০ দিন পর, আনচেলত্তি কোনো রাখঢাক না করেই সামনের দিনগুলোয় তরুণদের প্রাধান্য দেওয়ার কথা বলেন। তার সেই পরিকল্পনা নিয়ে এই সপ্তাহের শুরুতে প্রশ্ন তুলে ব্রাজিলের সাবেক অধিনায়ক সিলভা বলেন, কেবল বয়স বিবেচনায় নিয়ে খেলোয়াড়দের বাদ দেওয়া উচিত নয়।

চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে তিনটি ম্যাচ খেলবে ব্রাজিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষে একটি। এই সফরের জন্য বুধবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন আনচেলত্তি, যেখানে তরুণ ও নতুনদের ছড়াছড়ি।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ব্রাজিলের ওই দলের কেবল ৯ জন জায়গা ধরে রেখেছেন। আট জন ডাক পেয়েছেন, যারা আগে কখনও জাতীয় দলে খেলেননি।

স্কোয়াড ঘোষণার পর, সিলভার মন্তব্য নিয়ে প্রশ্নে আনচেলত্তি আবার নিজের ভাবনা পরিষ্কার করে দেন।

“একটা বিষয় পরিষ্কার: ৩৪ বা ৩৫ বছরের একজন দলের ভবিষ্যৎ নয়।

“তারা বর্তমান। এই বয়সের একজন খেলোয়াড় যদি একটা মেজর টুর্নামেন্টে খেলতে প্রস্তুত থাকে, তাহলে সে জাতীয় দলে থাকবে; তবে এখন তরুণদের প্রাধ্যান্য দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

পোস্টে যেমন পুরনোদের (আলিসন, এদেরসন ও ওয়েভেরতো) কাউকেই রাখেননি আনচেলত্তি। জায়গা পাওয়া তিন গোলরক্ষকের দুইজন পেদ্রো ও ওতাভিও এখনও জাতীয় দলে খেলার সুযোগ পাননি, একটি ম‍্যাচ খেলেছেন হুগো সোসা। 

রক্ষণে অভিজ্ঞ মার্কিনিয়োসের সঙ্গে আছেন দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালাইস, জাইর, ওয়েজলি। আক্রমণেও এসেছে পরিবর্তন, তবে তুলনামূলক কম। ভিনিসিউস জুনিয়র ও হাফিনিয়ার মতো তারকার সঙ্গে জায়গা ধরে রেখেছেন এন্দ্রিক, হায়ান। চোট কাটিয়ে ফিরেছেন এস্তেভোঁ। এছাড়া প্রত্যাশিতভাবে ফিরেছেন জোয়াও পেদ্রো। 

আনচেলত্তির মতে, অভিজ্ঞ ও নতুনদের নিয়ে এই দলটা বেশ ভালো, ব্রাজিলের ভবিষ্যতের জন্য আশাব্যাঞ্জক।

“এটা ভারসাম্যপূর্ণ একটা দল, যেখানে বিশ্বকাপে ব্রাজিলকে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়ও আছে। পরবর্তী প্রজন্মের জন্য এটা হবে গুরুত্বপূর্ণ।

“আমাদের দলে তরুণ খেলোয়াড়রা আছে, যাদের সামনের বছরগুলোয় দেশের প্রতিনিধিত্ব করার সামর্থ্য আছে, একই সঙ্গে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে খুব ভালো পারফর্ম করছে এমন খেলোয়াড়ও আছে।”

আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। পরে ৩ অক্টোবরে কলকাতায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে ভারতের।

এশিয়া সফরের ব্রাজিল দলে পেদ্রো-এস্তেভোঁ