Published : 10 Sep 2026, 02:14 AM
ব্রাজিলকে কক্ষপথে ফেরানোর লড়াইয়ে নতুন করে দল সাজানো কাজ শুরু করেছেন কার্লো আনচেলত্তি। এশিয়া সফরে তিন ম্যাচের জন্য বেশ কয়েকজন নতুন ও তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন অভিজ্ঞ এই কোচ।
চোটের জন্য বিশ্বকাপে খেলতে না পারা এস্তেভোঁ ফিরেছেন ২৬ জনের দলে। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ফিরেছেন দুই ফরোয়ার্ড পেদ্রো ও জোয়াও পেদ্রো।
নতুন মৌসুমের শুরুতে চোট পাওয়া এন্দ্রিক এখনও ৯০ মিনিট খেলার মতো ফিট নন। তবুও রেয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড ধরে রেখেছেন জায়গা। ভিনিসিউস জুনিয়রের সঙ্গে আছেন ক্লাব ফুটবলে দারুণ ছন্দে থাকা বার্সেলোনা অধিনায়ক হাফিনিয়া।
নতুন গোলরক্ষকদের ডেকেছেন আনচেলত্তি। ব্রাজিলের হয়ে এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি পেদ্রো ও ওতাভিও। একটি ম্যাচ খেলেছেন হুগো সোসা। লম্বা সময় ধরে ডাক পেয়ে আসা তিন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন, এদেরসন ও ওয়েভেরতোর কেউ নেই এবার।
রক্ষণে অভিজ্ঞ মার্কিনিয়োসের সঙ্গে আছেন দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালাইস, জাইর, ওয়েজলি।
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সে আগেভাগে বিদায়ের পর এই প্রথম মাঠে নামবে ব্রাজিল। ২৫ ও ২৯ সেপ্টেম্বর তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরে ৩ অক্টোবরে কলকাতায় দলটি মুখোমুখি হবে ভারতের।
অস্ট্রেলিয়ায় ম্যাচ দুটি হবে টাউন্সভিল ও ব্রিজবেনে। দেশটির বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ খেলে ২০১৭ সালে, সেবার ৪-০ গোলে জিতেছিল তারা। ভারতের বিপক্ষে খেলবে এই প্রথম।
গোলরক্ষক: হুগো সোসা, পেদ্রো, ওতাভিও
ডিফেন্ডার: আর্তুর দিয়াস, দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালাইস, জাইর, মার্কিনিয়োস, মাতেওজিনিয়ো, মাউরো জুনিয়র, ভিতো হেইস, ওয়েজলি
মিডফিল্ডার: আন্দ্রেই সান্তোস, ব্রেনো বাইদন, ব্রুনো গিমারাইস, দানিলো সান্তোস, দগলাস লুইস, গাব্রিয়েল বন্তেম্পো
ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভোঁ, জোয়াও পেদ্রো, পেদ্রো, হাফিনিয়া, হায়ান, সামুয়েল লিনো, ভিনিসিউস জুনিয়র