২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়েকে হারিয়ে ‘ইতিহাস’ গড়তে চান গিমারাইস

ইউরোপের দল নরওয়ের বিপক্ষে প্রথম জয়ের জন‍্য উন্মুখ ব্রাজিলের এই মিডফিল্ডার।

নরওয়েকে হারিয়ে ‘ইতিহাস’ গড়তে চান গিমারাইস
ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 02:28 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

নকআউট পর্বের ম‍্যাচে আলাদা কোনো অনুপ্রেরণা দরকার পড়ে না। তবে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের খেলোয়াড়রা পাচ্ছেন আরেকটি বড় অনুপ্রেরণা। একাধিক ম‍্যাচ খেলেও যে এখন পর্যন্ত নরওয়েকে কখনও হারাতে পারেনি তারা। এবার এই ধারার ইতি টানতে চান ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারাইস।  

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নিউ ইয়র্কে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় সোমবার ২টায় (এএম) শুরু হবে ম্যাচ।

দল দুটির মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান দেখলে অনেকে অবাক হতে পারেন, কিন্তু এটাই সত্যি; চারবারের দেখায় কখনও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। দুটি জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র।

ম‍্যাচের আগে সংবাদ সম্মেলনে ২৮ বছর বয়সী মিডফিল্ডার গিমারাইস বললেন, ব্রাজিলের প্রথম দল হিসেবে নরওয়েকে হারাতে চান তারা।

“এটা আমাদের জন‍্য আরেকটা অনুপ্রেরণা, তাই না? এই নেতিবাচক ধারা ভাঙা… আমরা জানি, অনেক দিন ধরে এই দুই দলের ম‍্যাচ হয় না। আমরা নিজেদের ইতিহাস নিজেরা লেখতে চাই। ব্রাজিলের ইতিহাসে নিজেদের নাম লেখতে চাই। সেটা করার একটা সুযোগ আগামীকাল আমাদের থাকছে।

“ফুটবল ম‍্যাচের ফল নির্ধারণ হয় মাঠে। ১১ জনের বিরুদ্ধে ১১ জনের লড়াইয়ে। এটা দারুণ, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ একটি ম‍্যাচ হতে যাচ্ছে। ওদের দীর্ঘদেহী খেলোয়াড় আছে, ওরা ক্রস করার চেষ্টা করবে… আমাদের প্রস্তুত থাকতে হবে।”