‘নিশ্চিতভাবেই দায়টা আমার’
প্রিমিয়ার লিগের গত চারবারের চ্যাম্পিয়নদের কক্ষচ্যুত হওয়ার পেছনে চোটের ছোবলও অনেক বড় কারণ।
ম্যানচেস্টার সিটিকে ঘিরে কয়েকদিন আগেও যেটা ছিল অকল্পনীয়, সেটাই আজ কঠিন বাস্তবতা। হতাশাময় পথচলার মাঝে সবশেষ ম্যাচে কাঙ্ক্ষিত জয় মিললেও, স্বস্তিতে নি:শ্বাস ফেলার উপায় নেই তাদের। দলের এমন ছন্নছাড়া অবস্থায় অকপটে নিজের দায় মেনে নিলেন কোচ পেপ গুয়ার্দিওলা।
প্রিমিয়ার লিগে সবশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে সিটি, হেরেছে ছয়টি ও বাকি দুটি ড্র। ১৯ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠ স্থানে, শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে। অ্যানফিল্ডের দলটি আবার একটি ম্যাচ কম খেলেছে।
প্রিমিয়ার লিগের গত চারবারের চ্যাম্পিয়নদের এভাবে কক্ষচ্যুত হওয়ার পেছনে চোটের ছোবলের কারণ অনেক বড়। চোট পেয়ে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন ব্যালন দ’র জয়ী মিডফিল্ডার রদ্রি। এছাড়া গোলরক্ষক এদেরসন এবং দুই অভিজ্ঞ ডিফেন্ডার জন স্টোন্স ও রুবেন দিয়াসও মাঠের বাইরে।
তারপরও এমন শক্তিশালী দলের এতটা পথ হারানো খুব স্বাভাবিক ঘটনা নয়। লিগে পরের ম্যাচে শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে তাই নিজেকে দোষারোপ করলেন গুয়ার্দিওলা।
“অনেক, অনেক কারণ আছে এবং আমিও কিছু জিনিস মিস করেছি-কিছু কাজ আমি ভালোভাবে করতে পারছি না। দিনশেষে, দল যখন অনেক ম্যাচ হারবে তখন সেটার বড় দায় কোচের ওপর বর্তায়। এই দলের এখন কিছু একটা দরকার এবং আত্মবিশ্বাস, যেটা আমি করতে পারছি না।”
“দলের করণীয় হিসাবে প্রথম সিদ্ধান্তটা তো আমার, খেলোয়াড়দের নয়। (এত ব্যর্থতার পর) তাদের কিছুটা ভেঙে পড়া অস্বাভাবিক নয়। গত মৌসুমেও কিছুটা এমন ঘটেছিল। আমি নিজেকে দোষ দেই। আমি এই খেলোয়াড়দের নেতৃত্ব দেই এবং আমি তাদের উজ্জীবিত করতে পারিনি। এটাই বাস্তবতা।”
অন্য প্রতিযোগিতায়ও স্বস্তিতে নেই দলটি। লিগ কাপ থেকে ছিটকে পড়ার পর চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ তিন ম্যাচে দুটিতে হেরেছে ও একটিতে করেছে ড্র।
