আরও দীর্ঘকায় হচ্ছে ইউরোপিয়ানরা
গত এক শতকে ইউরোপিয়ানদের গড় উচ্চতা বেড়েছে ১১ সেন্টিমিটার বা ৪.৩৩ ইঞ্চি। ব্রিটেনের ইউনিভার্সিটি অব এসেক্সের গবেষণার তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন, ছোট পরিবারে সদস্যদের গড় উচ্চতা বেশি হয়।
১৮৭০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত দুটি বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দারিদ্র ও খাদ্য সংকটে পরিবার ছোট রেখেছেন ইউরোপীয়রা। গবেষকরা ধারণা করছেন, পরিবার ছোট করার ফলে স্বাস্থ্যে উন্নতি ও গড় উচ্চতা বেড়েছে তাদের।
ইউনিভার্সিটি অব এসেক্সের অর্থনীতির অধ্যাপক টিমথি হ্যাটন এ গবেষণার নেতৃত্ব দেন। তিনি বলেন, “এক শতকে ইউরোপিয়ানদের গড় স্বাস্থ্যের উন্নতি দেখা গেছে। পরিবার ছোট হওয়ায় তাদের গড় উচ্চতাও বেড়েছে।”
হ্যাটন আরও জানান, ১৫টি ইউরোপিয়ান দেশে পুরুষদের গড় উচ্চতা নিয়ে এ গবেষণা করা হয়েছে। ইউরোপে গত একশ’ বছরে পুরুষদের গড় উচ্চতা ১৬৭ সেন্টিমিটার থেকে বেড়ে ১৭৮ সেন্টিমিটারে পৌঁছেছে। উচ্চতা বাড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পরিবেশের উন্নতির ফলে রোগের প্রকোপ কমেছে। এতে সুস্থতার পাশাপাশি মানুষের উচ্চতাও বেড়েছে।
