নেত্রকোণায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন, দেবর আটক
ঘটনার সময় রানু আক্তারের সঙ্গে থাকা সাড়ে তিন বছরের শিশু সন্তানও আহত হয়। তাকে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোণার পূর্বধলায় পারিবারিক বিরোধে গৃহবধূকে খুন করার অভিযোগে তার দেবরকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। হত্যার ঘটনার সময় আহত হয়েছে গৃহবধূর শিশু সন্তানও।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কুমারকান্দায় নিহতের বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
নিহত রানু আক্তার (৩৫) উপজেলার ওই গ্রামের খোকন মিয়ার স্ত্রী। আটক সুজন আহমেদ (৩০) আব্দুর রাশিদের ছেলে ও খোকন মিয়ার ভাই।
স্থানীয়দের বরাতে ওসি সাইফুল জানান, বেশকিছু দিন ধরে খোকন মিয়ার সঙ্গে তার ভাইয়ের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুরের দিকে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ভাবি রানু আক্তারকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে সুজন। এতে ঘটনাস্থলেই রানু আক্তার মারা যান।
এসময় রানু আক্তারের সঙ্গে থাকা সাড়ে তিন বছরের শিশু সন্তান আলিফও আহত হয়। তাকে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনার পরপরই সুজনকে আটক করে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি সাইফুল।
