২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে সেপটিক ট্যাংক থেকে নবজাতকের লাশ উদ্ধার, মা গ্রেপ্তার

পুলিশের জিজ্ঞাসাবাদে কল্পনা অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে জানিয়েছেন ওসি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2023, 03:27 PM

Updated : 17 Feb 2023, 03:56 PM

ঝিনাইদহ শহরে সেপটিক ট্যাংক থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবার করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শিশুটির মাকে। 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের হামদহ শান্তিনগর পাড়ার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা। 

মৃত নবজাতকের বাবা সুমন (৩৩) ও মা খালেদা আক্তার কল্পনা (৩০)। তাদের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে। 

রিকশা চালক সুমন স্ত্রী-সন্তানদের নিয়ে শহরের ওই এলাকায় ভাড়া থাকতেন। এই দম্পতির দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে।

ওসি সোহেল রানা জানান, বুধবার রাত ১০টার দিকে কল্পনা একটি মেয়ে সন্তানের জন্ম দেন। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে মেয়েকে আর খুঁজে পাননি সুমন। 

বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও শিশুটির সন্ধান পাওয়া না গেলে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশীরা শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের পাশের সেপটিক ট্যাংক থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। 

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

এ ঘটনায় সুমন স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে কল্পনাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে জানিয়েছেন ওসি।