সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ওএসডি
দুর্নীতির অভিযোগে সাত দিন আগে তাকে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়।
দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মো. আনোয়ার হোসেনকে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওএসডি করা হয়েছে।
সাত দিন আগে তাকে ওএসডি করা হলেও মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
এদিন বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক এ টি এম নুরুজ্জামান।
এর আগে ২৯ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চিকিৎসক আনোয়ার হোসেনকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।
নির্ধারিত সময়ে যোগ না দিলে ৫ অক্টোবর থেকে তাকে স্ট্যান্ড রিলিজ করার কথাও প্রজ্ঞাপনে বলা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সাজ্জাদ কাদিরকে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে।
তবে এ বিষয়ে জানতে আনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার কল ও বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
চিকিৎসক আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে; যা অতীতে বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে। এর মধ্যে রোগীদের খাবার ও পথ্য সরবরাহ, মেডিকেল সার্জিক্যাল রিকুইজিশন (এমএসআর) কেনাকাটা থেকে শুরু করে আউটসোর্সিং কর্মী নিয়োগসহ বিভিন্ন খাতে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের বিষষগুলো রয়েছে।
এ ছাড়া আনোয়ার দায়িত্বে থাকাকালে হাসপাতালের এমএসআর কেনাকায় পছন্দের ঠিকাদারদের নিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় ছিল। এসব কেনাকাটায় প্রভাব বিস্তার ও কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
