২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

১০০ টাকার স্যালাইন ২৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে ক্রেতা সেজে এক ফার্মেসিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 09:35 PM

Updated : 10 Oct 2023, 04:09 PM

নির্ধারিত মূলের চেয়ে বেশি দামে স্যালাইন বিক্রির অভিযোগে সিরাজগঞ্জ শহরে এক ফার্মেসি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ জরিমানা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্রেতা সেজে শহরের শিয়ালকোলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হেলথ অ্যান্ড লাইফ ফার্মেসিতে অভিযান চালানো হয়।

“অভিযানে ডিএনএস স্যালাইনের গায়ে খুচরা মূল্য ১০০.৮৯ টাকা লেখা থাকলেও ওই ফার্মেসির মালিক ২৫০ টাকায় বিক্রি করছিলেন। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।”

এদিকে বাজার স্টেশন এলাকায় স্টিকারবিহীন বিদেশি চকলেট বিক্রির করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ভোক্তা অধিদপ্তরের মারুফ।