মানিকগঞ্জে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৭ দোকানিকে জরিমানা
সাত দোকানিকে ৫ হাজার সাতশ টাকা জরিমানা করা হয়েছে।
সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় মানিকগঞ্জের হরিরামপুরের সাত দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া ঝিটকা বাজারে সোমবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী রাবেয়া বলেন, ''সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার কারণে সাত দোকানিকে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। শপিংমলগুলো সরকার নির্ধারিত সময়ে রাত ৮টার মধ্যে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দেশের এ পরিস্থিতিতে বিদ্যুৎ অপচয়রোধে অভিযান চলমান থাকবে।”
ঝিটকা ছাড়াও কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।
হরিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতির হরিরামপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমানসহ হরিরামপুর থানা-পুলিশের একটি দল ও আনসার দলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
