২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যশোর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে নির্যাতন: দুই ছাত্র বহিষ্কৃত

বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের পাশাপাশি দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

যশোর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে নির্যাতন: দুই ছাত্র বহিষ্কৃত

হাসপাতালে ভর্তি ইসমাইল হোসেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 07:44 PM

Updated : 04 Apr 2023, 02:13 PM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে কম্পিউটার বিজ্ঞানের দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বরাবর লিখিত অভিযোগ দেন নির্যাতনের শিকার পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন। 

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব আলী ও সালমান এম রহমান। 

বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে আদেশে বলা হয়েছে। 

পুরানো খবর:

যশোর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ৪ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ

রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নম্বর কক্ষে ইসমাইলকে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে। 

অভিযোগে ইসমাইল বলেন, তাকে বেঁধে রেখে রড, পাইপ আর বেল্ট দিয়ে মারধর করেন কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব আলী ও মো. সালমান এম রহমান। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে। ওইরাত সাড়ে ১০টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক আব্দুর রশিদ জানান, ঘটনার ভয়াবহতা বিবেচনায় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ইতোমধ্যে শহীদ মসিয়ূর রহমানের হলের প্রভোস্টকে ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং আক্রান্ত শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। 

আব্দুর রশিদ জানান, শহীদ মসিয়ূর রহমান হলের সহকারী প্রভোস্ট তরুণ সেনকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বডিকে একটি তদন্ত কমিটি করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। 

এর আগে রোববার রাতে শহীদ মসিয়ূর রহমান হল কর্তৃপক্ষ মো. ইসমাইল হোসেনকে নির্যাতন ও হলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে শোয়েব আলী ও সালমান এম রহমানকে হল থেকে সাময়িক বহিষ্কার করে।