নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের আসামিকে ধরতে গিয়ে ‘ঢিলে’ আহত ওসি
“ওই ব্যক্তিকে আটকের পর নিয়ে আসার সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ঢিল ছোড়ে।”
নারায়ণগঞ্জের ফতুল্লায় দশ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর ছোড়া ঢিলে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে পঞ্চবটির চাঁদনী হাউজিং আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন।
এ ঘটনায় জাকির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫৫ বছর বয়সী জাকির বরিশালের বানারীপাড়া উপজেলার গাবা গ্রামের কাদের হাওলাদারের ছেলে।
তিনি পরিবার নিয়ে চাঁদনী হাউজিং এলাকায় থাকেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি মাহবুব আলম বলেন, “রাত আটটার দিকে পাশের ফ্ল্যাটের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে জাকির হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুটির মা একজন পোশাক শ্রমিক এবং বাবা মাছ বিক্রেতা।
“ঘটনার সময় তারা বাসায় ছিলেন না। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে।”
তিনি বলেন, “ওই ব্যক্তিকে আটকের পর নিয়ে আসার সময় বিক্ষুব্ধ লোকজন তাকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। ওই ঢিলের একটি এসে আমার মাথায় লাগলে আহত হই।”
ওসি মাহবুব আলম পরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, “ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় জাকির হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।”
