১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টানা বর্ষণে রাঙামাটিতে অর্ধশত স্থানে পাহাড়ে ধস

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ জেলায় ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা বর্ষণে রাঙামাটিতে অর্ধশত স্থানে পাহাড়ে ধস

টানা বর্ষণে রাঙামাটি শহরের ভেদভেদী লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় একটি বাড়ি ধসে পড়ে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 05:14 PM

Updated : 07 Aug 2023, 05:22 PM

টানা বর্ষণে রাঙামাটির বিভিন্ন উপজেলায় প্রায় অর্ধশত স্থানে পাহাড়ে ধসের খবর পাওয়া গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাহাড়ি ঢলে জেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কথা জানিয়েছেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। 

তিনি জানান, সোমবার সকালে বিভিন্ন স্থানে পাহাড় ধসে ঘরবাড়ি ভেঙে পড়ে। সেইসঙ্গে কোথাও কোথাও সড়কে পাহাড় ধসে যান চলাচল ব্যাহত হয়। তবে সব জায়গাতেই দ্রুত সড়কের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয় সড়ক ও জনপথ বিভাগ।

রাঙামাটি আবহাওয়া অফিসের তথ্য মতে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত জেলায় ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে টানা বৃষ্টির কারণে শহরের ভেদভেদী লোকনাথ মন্দির সংলগ্ন সড়ক বিভাগের কারখানার পাশের এলাকায় একটি বাড়ি ধসে পড়ে। তবে বাড়িতে লোকজন না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

অপরদিকে জেলার রাজস্থলী, কাউখালীসহ কয়েক উপজেলায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে। এ ছাড়া বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ভেদভেদী লোকনাথ মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা মো. বাছা মিয়া বলেন, “রোববার থেকে টানা বৃষ্টি দেখে পরিবারের সদস্যদের নিয়ে অন্য স্থানে চলে যাই। ভোরে গিয়ে দেখি আমার বাড়িটি ধসে পড়েছে। কোনো কিছুই বের করতে পারিনি। সব নষ্ট হয়ে গেছে।”

অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল বলেন, গত বুধবার থেকে টানা বর্ষণে জেলার ৪৬টি স্থানে ছোট ছোট পাহাড় ধসের খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ধস হয়েছে কাপ্তাই উপজেলায়।