২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিলেটে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলা

দুই দিন আগে রাতে সীমান্তে চোরাকারবারিদের হামলায় তিন বিজিবি সদস্য আহত হন বলে জানায় পুলিশ।

সিলেটে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলা

সিলেটের কোম্পানীগঞ্জ থানা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 07:51 PM

Updated : 23 Jan 2024, 08:04 PM

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলা হয়েছে।

একদিন আগে রাতের ঘটনায় সোমবার রাতে ৪৮ বিজিবি ব্যাটালিয়ন উৎমা ক্যাম্পের নায়েক আরিফুর রহমান বাদী হয়ে মামলাটি করেন বলে কোম্পানীগঞ্জ থানা ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান।

মামলায় ৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার মামলার বরাতে ওসি বলেন, “গোপন খবর পেয়ে রোববার রাত ২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের উৎমা সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় সীমান্তের ১২৫৫ নম্বর পিলারের কাছে চোরাকারবারিরা ভারত থেকে চিনি আনছিলেন।

“বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা হামলা চালায়। এতে তিন বিজিবি সদস্য আহত হন। পরে বিজিবি সদস্যরা দুটি ফাঁকা গুলি ছুড়লে চোরাকারবারিরা পালিয়ে যান।”

আহত বিজিবি সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খানকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ওসি গোলাম দস্তগীর।