২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে দরিদ্রদের জন্য ২ টাকার সবজিবাজার চালু করল ‘ফুল’

২ টাকার বিনিময়ে প্রায় দেড়শ টাকার সবজি পেয়ে খুশি দরিদ্র ক্রেতারা।

কুড়িগ্রামে দরিদ্রদের জন্য ২ টাকার সবজিবাজার চালু করল ‘ফুল’

ঈদের আগ পর্যন্ত দরিদ্র মানুষ ডিমসহ পাঁচটি পণ্য এ বাজার থেকে ক্রয় করতে পারবেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 08:53 PM

Updated : 12 Apr 2023, 08:53 PM

কুড়িগ্রামে দরিদ্রদের জন্য ২ টাকার সবজিবাজার চালু করল ফাইট আনটিল লাইট-ফুল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

বুধবার বিকালে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভে আনুষ্ঠানিকভাবে এ বাজার চালু হয়। 

উদ্বোধনী দিনে দেড় শতাধিক শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি করে মিষ্টি কুমড়া, লাউ ও ডিম দেওয়া হয়।

২ টাকার বিনিময়ে প্রায় দেড়শত টাকার সবজি পেয়ে খুশি দরিদ্র ক্রেতারা।  

ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, ঈদের আগ পর্যন্ত দুই টাকার বিনিময়ে দরিদ্র মানুষ ডিমসহ পাঁচটি পণ্য এ বাজার থেকে ক্রয় করতে পারবেন। প্রতিদিন দেড় থেকে দুশত দরিদ্র মানুষ এসব পণ্য কিনতে পারবেন।

Image

উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কুড়িগ্রাম পৌর মেয়র

আব্দুল কাদের আরও বলেন, “এ সবজি বাজারে ২ টাকা নেওয়া হয়; কারণ এটা রিলিফ বা করুণা নয়, এটা দরিদ্র ক্রেতাদের অধিকার।”  

উদ্বোধনী পর্বে বক্তব্য দেন সফি খান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ইউসুফ আলমগীর, ওয়াহিদুজ্জামান তুহিন, আমানুর রহমান খোকন, আব্দুল কাদের। 

জেলার আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী জানান, সারাদিন ভিক্ষা করেও তার দুশত টাকা জোটে না। সেখানে মাত্র ২ টাকায় প্রায় দুই শত টাকার সবজি পেয়েছেন তিনি; সাথে একটা ডিম।

এখানে বাজার করতে এসে সব কিছু স্বপ্নের মত মনে হচ্ছে আকবর আলীর। তার মতে, এ বাজার এখানকার গরিব মানুষের জন্য আশীর্বাদ। 

কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, “ফুল সংগঠনের এ মহতি উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে এ উদ্যোগের জন্য সব ধরনের সহায়তা থাকবে।”