১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির দুজন আটক

জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা বলেন, “বিধান অনুযায়ী, নির্বাচন বিরোধী আচার-আচরণ ও সমাবেশ করা যাবে না।”

কুমিল্লায় ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির দুজন আটক

কুমিল্লা নগরীর ফৌজদারি মোড়ে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2023, 07:54 PM

Updated : 23 Dec 2023, 07:53 PM

কুমিল্লা নগরীতে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণের সময় বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার নগরীর ফৌজদারি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান।

আটকরা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ও শ্রমিক দল কর্মী হেলাল উদ্দিন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আক্কাস সাংবাদিকদের বলেন, সকালে নগরীর রানীর বাজার, ফৌজদারি মোড়সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা।

“এতে নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্যসচিব শফিউল আলম রায়হান, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমানসহ অন্যরা।

“কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছিলেন। সেখান থেকে পুলিশ আব্দুর রহমান ও হেলাল উদ্দিনকে আটক করে নিয়ে যায়”, যোগ করেন আলী আক্কাস।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, “ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণের সময় দুজন সন্দেহভাজনকে আটক করা হয়। তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।”

এ ব্যাপারে জানতে চাইলে জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, “আমরা এ ব্যাপারে নির্বাচন কমিশন থেকে চিঠি পেয়েছি। বিধান অনুযায়ী, নির্বাচন বিরোধী আচার-আচরণ ও সমাবেশ করা যাবে না।”