১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে বাসার শৌচাগারে তরুণীর অর্ধগলিত মরদেহ, স্বামী পলাতক

প্রেমের সম্পর্কের জেরে পাঁচ মাস আগে ইউছুফ নামে এক মোয়াজ্জিনের সঙ্গে বিয়ে হয় সুমির।

নোয়াখালীতে বাসার শৌচাগারে তরুণীর অর্ধগলিত মরদেহ, স্বামী পলাতক

রহিমা আক্তার সুমি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 04:10 PM

Updated : 06 Oct 2023, 04:10 PM

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় বাসার শৌচাগার থেকে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক তরুণীর স্বামী।

বৃহস্পতিবার রাতে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গণি মাস্টার পুল সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।

নিহত ১৯ বছরের রহিমা আক্তার সুমি চাটখিল উপজেলার উত্তর রামনারায়ণপুরের ইসমাইল হোসেনের মেয়ে এবং কুমিল্লার মুরাদনগরের মো. ইউছুফ মোয়াজ্জিনের স্ত্রী। 

সুমির বড় ভাই মো. আরাফাত জানান, প্রেমের সম্পর্কের জেরে পাঁচ মাস আগে তার বোন ইউছুফ নামে এক মোয়াজ্জিনকে বিয়ে করে। এরপর তারা সোনাইমুড়ীতে ভাড়া বাসায় থাকছিলেন। 

দুইদিন থেকে সুমির ফোন বন্ধ পেয়ে বৃহস্পতিবার বিকালে সোনাইমুড়ীতে তার বাসায় গিয়ে দরজায় তালা ঝুলানো দেখতে পান আরাফাত। কিন্তু ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে দেখে বাড়ির মালিককে জানান।

পরে খবর দেওয়া হলে পুলিশ এসে বাসার শৌচাগার থেকে সুমির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

আরাফাত জানান, গত ৩ অক্টোবর পরিবারের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয় সুমির। ধারণা করা হচ্ছে ওইদিন রাতের যেকোনো সময় তাকে হত্যা করে স্বামী পালিয়ে যায়।

ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সুমির ভাই মো. আরাফাত বাদী হয়ে সুমির স্বামী ইউছুফের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পলাতক ইউছুফকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।