১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ধোঁয়ায় গুরুতর অসুস্থ এক শ্রমিক

আগুন লাগার পর রাসায়নিকের ধোঁয়া সাদেকুজ্জামানের মুখ ও শ্বাসনালী দিয়ে প্রবেশ করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ধোঁয়ায় গুরুতর অসুস্থ এক শ্রমিক

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ কারখানায় বুধবার সকালে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ছবি: শামছুল হক রিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 05:55 PM

Updated : 14 Oct 2026, 05:55 PM

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার বেলা ১০টার পর টঙ্গীর চেরাগ আলীতে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অসুস্থ শ্রমিকের নাম সাদেকুজ্জামান (৪০)। তিনি ওই কারখানার শিফট ইনচার্জ। তার বাবার নাম সাইফুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খোকশিয়া গ্রামে।

সাদেকুজ্জামানের বড় ভাই জহিরুল ইসলাম জানান, আগুন লাগার পর রাসায়নিকের ধোঁয়া তার ভাইয়ের মুখ ও শ্বাসনালী দিয়ে প্রবেশ করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে ইম্পেরিয়াল হাসপাতালে এবং সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার দুপুরের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।