শাহজাহান ওমরের কয়েক অনুসারীর বিএনপি ছাড়ার ঘোষণা
শাহজাহান ওমরের অনুসারীরা বলেন, ঝালকাঠিতে বিএনপির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল শাহজাহান ওমরকে পাশ কটিয়ে। এ কারণেই বিএনপি থেকে পদত্যাগ করেছেন তারা।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় শাহজাহান ওমরের কয়েকজন অনুসারী বিএনপি ছাড়ার ঘোষণা দিয়েছেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি ছেড়ে শাহজাহান ওমর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন। এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে কাঁঠালিয়া বাসস্ট্যান্ড এলাকায় শাহজাহান ওমরের নির্বাচনি কার্যালয়ে কয়েকজন সংবাদ সম্মেলন করে বিএনপি ছাড়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার ছয়টি ইউনিয়নের শতাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে তারা বিএনপি থেকে পদত্যাগ করেছেন। শাহজাহান ওমর তাদের রাজনৈতিক অভিভাবক ও গুরু।
কিন্তু গত কয়েক বছর ধরে শাহজাহান ওমরকে পাশ কটিয়ে ঝালকাঠিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে বিএনপির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। আরও বিভিন্নভাবে তাকে অবমূল্যায়ন করা হয়েছে। আর এ কারণেই বিএনপি থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার শাহজাহান ওমরের নির্বাচনি কর্মকাণ্ড শুরু করেছেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
এ সময় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেকব দল থেকে পদত্যাগকারী কয়েক নেতার নামও বলা হয়।
এ সময় আওয়ামী লীগে যোগদান করবেন কি-না জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিব ভূট্টো বলেন, “এখনই আওয়ামী লীগ যোগদানের পরিবেশ সৃষ্টি হয়নি। তবে আমরা শাহজাহান ওমরের অনুসারী ও আদর্শের লোক হিসেবে নৌকার পক্ষে কাজ করছি। কারণ আমাদের নেতা এই প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।”
জেলা বিএনপির আহ্বয়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান মুবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভুয়া দলীয় পরিচয় দিয়ে এরা প্রতারণা করেছেন। এরা শাহজাহান ওমরের সুবিধাভোগী লোক। তারা দলের কেউ না। এসব জঞ্জাল দূর হলে দল আরও শক্তিশালী হবে।”
