সিত্রাং: ব্রাহ্মণবাড়িয়ায় দুজনের মৃত্যু
এ ছাড়া আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর গ্রামের অন্তত আটটি ঘরবাড়ি মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঝড়ের সময় ঘরের উপর গাছ পড়ে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন তার স্ত্রী।
অপরদিকে নবীনগর উপজেলায় ঝড়ে বিধ্বস্ত সঞ্চালন লাইন ঠিক করার সময় বিদ্যুতের খুঁটি ভেঙে পানিতে পড়ে আরেকজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে জয়নাল আবেদীন ভূঁইয়া (২৬) এবং সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আলী মিয়ার ছেলে রিপন মিয়া (২৮)।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম জানান, সোমবার রাতে ঝড়ের সময় জয়নাল ও তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি গাছ ভেঙে ঘরের উপর পড়ে। এতে গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার স্ত্রী নিপা আক্তার আহত হন।
তিনি আরও বলেন, ঝড়ে উপজেলায় বেশ কিছু ঘরবাড়ি,গাছপালা,কৃষিজমির ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।
অপরদিকে নবীনগরের ইউএনও একরামুল সিদ্দিক জানান, মঙ্গলবার সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্ত পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইন মেরামতের জন্য রিপন খুঁটিতে উঠেন। এ সময় বৈদ্যুতিক খুঁটিসহ ভেঙে তিনি পানিতে পড়ে যান।
এতে রিপন গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আশুগঞ্জের ইউএনও অরবিন্দু বিশ্বাস জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার মধ্যরাতে উপজেলার চরসোনারামপুর গ্রামের অন্তত আটটি ঘরবাড়ি মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।
