০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দুই কোটি মানুষের জীবনমান বদলাবে: ত্রাণ মন্ত্রী

“জনগণ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 02:04 PM

Updated : 01 Oct 2026, 02:30 PM

কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে।”

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রীর ভাষায়, গত ১৭ বছরের ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থায়’ রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রেও অনিয়ম ও দুর্নীতি রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “জনগণ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।”

কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, “বিএনপি থেকে আসন না পাওয়া জেলার মানুষের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

“এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি সরকারের প্রতি মানুষের আস্থাও তৈরি হবে।”

অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।