মৌলভীবাজারে ৭৬টি ট্রেনের টিকেটসহ একজন গ্রেপ্তার
“সংঘবদ্ধ কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকেট কেটে জনসাধারণের কাছে বেশি দামে বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।”
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বাংলাদেশ রেলওয়ের ৭৬টি টিকেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে শ্রীমঙ্গল দক্ষিণ ভাড়াউড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব -৯ এর সিনিয়র মিডিয়া অফিসার এএসপি আল আমিন।
গ্রেপ্তার ব্যক্তির নাম রানা ভট্টাচার্য্য (৩১), তিনি উপজেলার ভাড়াউড়া গ্রামের বাসিন্দা।
তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এএসপি আল আমিন বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে মৌলভীবাজারে রেলওয়ের টিকেট কালোবাজারিরা সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি দেখা গেছে, দেশের বিভিন্ন স্থানে সংঘবদ্ধ কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকেট কেটে জনসাধারণের কাছে বেশি দামে বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল টেলিফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে এবং পরে তা চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে।
এসব কালোবাজারিদের গ্রেপ্তারে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এরকম একটি চক্রকে নজরদারিতে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ভাড়াউড়া গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন তারিখের ৭৬টি টিকেটসহ রানা ভট্টাচার্য্যকে আটক করা হয়। সেইসঙ্গে একটি মোবাইল ফোন ও কিছু টাকাও জব্দ করা হয়েছে।”
জাতীয় পরিচয়পত্র-এনআইডি/জন্মনিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধিত একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট ক্রয় করতে পারবেন। ট্রেন ভ্রমণের সময় যাত্রীকে এনআইডি/জন্মনিবন্ধন প্রদর্শন করার বাধ্যবাধকতা আছে।
