‘নাফ পার হয়ে আসা নৌকায় মিলল ৫ লাখ ইয়াবা-পাঁচ কেজি আইস’
মাদকগুলো বাংলাদেশে নিয়ে আসার পেছনে কারা জড়িত সে ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানায় বিজিবি।
নাফ নদী পার হয়ে কক্সবাজারের টেকনাফে আসা একটি নৌকায় তল্লাশি চালিয়ে ৫ লাখ ইয়াবা ও ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা।
বুধবার বিকালে এক বার্তায় টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ মাদকগুলো জব্দের কথা জানান।
তিনি বলেন, মাদকের একটি বড় চালান টেকনাফে প্রবেশের খবরে মঙ্গলবার মধ্যরাতে লেদাস্থ নাফ নদীতে অবস্থান নেয় বিজিবি। তখন নাফ নদী পার হয়ে একটি নৌকা টেকনাফে প্রবেশ করে।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ আরও জানান, বিজিবির অবস্থান টের পেয়ে পাচারকারীরা নৌকা থেকে নাফ নদীতে লাফিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের পালিয়ে যায়।
পরে বিজিবির টহল দল নৌকাটিতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছয়টি প্যাকেটে ৫ লাখ ইয়াবা ও ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পায়।
মাদকগুলো বাংলাদেশে নিয়ে আসার পেছনে কারা জড়িত সে ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
