Published : 06 Jan 2024, 06:13 PM
কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও আদর্শ সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ছাত্রদল নেতাদের নির্দেশে এসব ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকার নাজমুল হাসান কাউসার, চানপুর এলাকার শাকিল ওরফে সাক্কু ও একই এলাকার সাইমন মিয়া।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, শুক্রবার রাতে নগরীর টমছম সেতু, কান্দিরপাড় লিবার্টি চত্বর, গোয়ালপট্টি, ফৌজদারি মোড় এলাকায় বেশ কয়েকটি হাতবোমার (ককটেল) বিস্ফোরণ ঘটানো হয়। একই সময় নগরীর রাণীরবাজার বিসিক সড়কে হাতবোমা বিস্ফোরণ ঘটনাতে না পেরে মোটরসাইকেল ও ককটেল ফেলে পালিয়ে যান এক যুবক।
এদিকে মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানান তিনি।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসপি।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে এসপি আব্দুল মান্নান দাবি করেন, “কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নোমানের নির্দেশে তারা শহরজুড়ে হাতবোমা বিস্ফোরণ ও ভোটকেন্দ্রে আগুন দেয়।”
এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে বলে জানান জেলা পুলিশের প্রধান।