১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বরিশালে লরি চাপায় গৃহবধূর মৃত্যু, স্বামী-মা আহত

দুর্গাপূজায় কথা স্বামীকে নিয়ে ঢাকা থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানায় পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 07:48 PM

Updated : 28 Oct 2023, 05:22 PM

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় লরি চাপায় এক গৃহবধূর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন তার স্বামী ও মা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরাদি ইউনিয়নের গোমা ফেরি ঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার এসআই আব্দুল হাই।

নিহত কান্তা মনি কথা (২৫) পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের মানখান গ্রামের কার্তিক চন্দ্র হালদারের মেয়ে।

আহতরা হলেন- কান্তা মনির স্বামী বিধান মণ্ডল (৩৫) ও মা মমতা হালদার (৫৫)। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার মিরপুরে দারুস সালাম এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন কথা। তার স্বামী বিধান ওই এলাকায় ব্যবসা করেন। দুর্গাপূজায় স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আসেন কথা।

“সকালে স্বামী, মা ও বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি। পথে গোমা ফেরি ঘাটে উঠছিলেন তারা। এ সময় ফেরি থেকে সড়কে উঠতে যাওয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে নেমে যায়। এতে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান কথা। আর পা ভেঙ্গে যায় তার স্বামী ও মায়ের।”

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও লরিটি জব্দ করা হয়েছে। আর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।