২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অর্থমন্ত্রীকে নির্বাচিত করার আহ্বান জানানো ওসিকে বদলি

“ভাইরাল হওয়া ভিডিওতে আমার বক্তব্য এডিট করে আংশিক প্রচার করা হয়েছে”, বলেন ওসি।

অর্থমন্ত্রীকে নির্বাচিত করার আহ্বান জানানো ওসিকে বদলি

মঙ্গলবার দুপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন নাঙ্গলকোট থানার ওসি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 05:34 PM

Updated : 18 Aug 2023, 06:32 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় অর্থমন্ত্রীকে নির্বাচিত করার আহ্বান জানানো কুমিল্লার নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেনকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত এক অফিস আদেশে ফারুক হোসেনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, “কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরীকে নাঙ্গলকোট থানার দায়িত্ব দেওয়া হয়েছে।”

আদেশে মোট পাঁচজন পরিদর্শক পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। 

কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, “নাঙ্গলকোট থানায় ওসি ফারুক হোসেনের দুই বছর হয়ে গেছে। তার বদলির বিষয়টি রুটিন মাফিক হয়েছে।”

মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওসি ফারুক হোসেন কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের জন্য ভোট কামনা করেন।

পুরানো খবর:

অর্থমন্ত্রীকে নির্বাচিত করার আহ্বান ওসির, ভিডিও ভাইরাল

তার বক্তব্যের ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ফেইসবুকে ছড়িয়ে পড়ে। সরকারি একজন কর্মচারী হয়ে ওসির এভাবে রাজনৈতিক দলের নেতার পক্ষে বক্তব্য দেওয়া নিয়ে অনেকে সমালোচনাও করেন।

ভিডিওতে নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেনকে বলতে শোনা যায়, “নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে, গণমানুষের মতো করে উনাকে আবার নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি।”

তিনি আরও বলেন, “বিকজ আসলে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এত বেশি নাঙ্গলকোটের উন্নয়ন করেছেন, আমি যদি পূর্বের ইতিহাস শুনি, এই এলাকার অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, আপনাদের মন জয় করলেন এবং আপনাদের উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন এবং আপনাদের জন্যই করেছেন।”

বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও বদলির পর প্রতিক্রিয়া জানিয়েছেন ওসি ফারুক।

ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি এডিট করা হয়েছে দাবি করে তিনি বলেন, “আমরা তো সরকারের প্রতিনিধি, তাই উন্নয়নের কথা তো বলতেই পারি। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে আমার বক্তব্য এডিট করে আংশিক প্রচার করা হয়েছে।”