১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে দেশীয় অস্ত্র উদ্ধার, ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৬

গ্রেপ্তাররা সাধারণ লোকজন এবং যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান মালামাল লুট করেতেন বলে জানায় র‌্যাব।

টঙ্গীতে দেশীয় অস্ত্র উদ্ধার, ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৬

গাজীপুরের টঙ্গীতে ডাকাত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 04:47 PM

Updated : 13 Apr 2023, 04:47 PM

গাজীপুরের টঙ্গীতে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে; এ সময় ডাকাত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১ এর এএসপি নোমান আহমদ জানান, বুধবার রাত দেড়টার দিকে টঙ্গী পশ্চিম থানার সেনা কল্যাণ ভবনের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জের মিন্টু মিয়া (২৩),  হৃদয় (১৮), নরসিংদীর স্বপন (২২), ময়মনসিংহের ফয়সাল (২০), শেরপুরের রাব্বি (২০) এবং ফরিদপুরের শাকিল (২৫)।

Image

গাজীপুরের টঙ্গীতে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

নোমান আহমদ বলেন,  “বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর সেনাকল্যাণ ভবনের পেছনে ডাকাত চক্রের সদস্যরা অবস্থান নেওয়ার খবর পেয়ে র অভিযান চালায় র‌্যাব। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা টঙ্গী এলাকায় দিনের বেলায় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও সন্ধ্যার পর ভয়ংকর হয়ে উঠেন। দীর্ঘদিন যাবত তারা সাধারণ লোকজন এবং যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, টাকা-পয়সা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করছেন।”

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুইটি রামদা, দুইটি লোহার তৈরি চাকু ও দুইটি লোহার রড উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

টঙ্গী থানার ওসি শাহ আলম বলেন, বৃহস্পতিবার সকালে র‌্যাব সদস্যরা গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করলে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।