বেনাপোলে ‘৩ কেজি সোনার বার জব্দ’, ৩ যুবক আটক
জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় দুই কোটি ৬৫ লাখ টাকা বলে জানায় বিজিবি।
যশোরের বেনাপোল সীমান্ত পথে ‘ভারতে পাচারের সময় প্রায় তিন কেজি ওজনের চারটি সোনার বার’সহ তিন যুবককে আটক করা হয়েছে। যাদের পাচারকারী বলেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান।
আটকরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে সাইদুর রহমান মাজেদ (৩৩), যশোর সদর উপজেলার বাগাডাংগা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু (৩১)।
লেফটেন্যান্ট কর্নেল তানভীর বলেন, “সীমান্ত হয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচারের গোপন খবর পেয়ে বিজিবির একটি টহলদল বারোপোতা বাজার এলাকায় অবস্থান নেয়।
“এ সময় একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে চারটি সোনার বার পাওয়া যায়। সেইসঙ্গে তাদের প্রাইভেটকারটিও জব্দ করা হয়।”
জব্দ করা সোনার ওজন দুই কেজি ৯৪০ গ্রাম; যার বাজার মূল্য প্রায় দুই কোটি ৬৫ লাখ টাকা বলে জানান তানভীর।
আটক তিন যুবককে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কথা জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল তানভীর বলেন, জব্দ করা সোনার বারগুলো যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে।
