Published : 19 Apr 2024, 07:48 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করতোয়া নদী থেকে এক তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার চর নারুয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধারের খবর জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান।
নিহত মোতালেব হোসেন (৫৫) বেলকুচি উপজেলার ধুকুুরিয়া বেড়া গ্রামের বুজরত আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, “তাঁত শ্রমিক ও সৌখিন মাছ শিকারি মোতালেব হোসেন মাছ ধরার জন্য বুধবার বিকালে বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পরিবারের সঙ্গে মোবাইল ফোনে তার যোগাযোগ ছিল।
“সন্ধ্যার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরে চর নারুয়া এলাকায় নদীতে মোতালেবের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে নৌ-পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।”
লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।