০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে যুবদল নেতাসহ ২ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 10:13 AM

Updated : 07 Oct 2026, 10:13 AM

ঝালকাঠির রাজাপুরে উপজেলা যুবদলের এক নেতাসহ দুজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা মাদক ব্যবসায় জড়িত বলে দাবি পুলিশের।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস।

গ্রেপ্তাররা হলেন, উপজেলা সদরের জালিয়াবাড়ি এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে মো. জুবায়ের আল হাসান রাসেল এবং দক্ষিণ মনোহরপুর এলাকার মৃত আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে মো. কামাল হোসেন নয়ন (৩৩)।

রাসেল উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়কের পদে আছেন নিশ্চিত করে তার বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার।

ওসি সুজন বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাসেল ও নয়নকে আটক করে তল্লাশি চালিয়ে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেপ্তারদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।