১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় শেখ হাসিনার ওপর হামলা: অস্ত্র মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ

মঙ্গলবার কারাগার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৯ আসামিকে আদালতে হাজির করা হয়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 08:43 PM

Updated : 10 Jan 2023, 08:43 PM

প্রায় ২০ বছর আগে সাতক্ষীরায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের দুই মামলায় এক আসামির পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন তার বাবা।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের কাছে আসামি রকিবের পক্ষে এই সাফাই সাক্ষ্য দেন তার বাবা গোলাম মোস্তফা।

এছাড়া আগামী ১৬ জানুয়ারি পরবর্তী সাফাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করা হয়েছে। এই মামলায় মোট ২৩ জন সাফাই সাক্ষী দেবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল লতিফ।

এ উপলক্ষে মঙ্গলবার সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৯ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এ মামলায় নয় জন আসামি পলাতক রয়েছেন। এছাড়া দুই আসামি মৃত্যুবরণ করেছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি ফাহিমুল হক কিসলু, অতিরিক্ত পিপি আব্দুল বারি, অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ, অ্যাডভোকেট রুহুল আমিন প্রমুখ।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল প্রমুখ।

প্রসঙ্গত, ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ অগাস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এরপর সড়ক পথে যশোর হয়ে ঢাকায় ফেরার পথে বেলা ১১টায় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা চালায় দলটির নেতাকর্মীরা। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের পাশাপাশি শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়।

শেখ হাসিনার সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা, স্থানীয় সাংবাদিকসহ ডজন খানেক নেতাকর্মী সেদিন আহত হন।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতাকর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার মূখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির।

এছাড়া গত বছরের ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়।

আরও পড়ুন

পুরানো খবর:

সাতক্ষীরায় শেখ হাসিনা হত্যাচেষ্টা: ৫০ আসামির সবার সাজা

পুরানো খবর:

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: অস্ত্র মামলায় আরেকজনের সাক্ষ্য