৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

টেকনাফে ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

মিয়ানমার থেকে আসা নৌকার পাটাতনের নিচে লুকানো ছিল ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 03:57 PM

Updated : 20 Jun 2023, 04:08 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় তিন কেজির বেশি ক্রিস্টাল মেথসহ (আইস) মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করছে বিজিবি।

মঙ্গলবার ভোর রাতে সাবরাং ইউনিয়নে নাফনদীর জিন্নাহ খাল এলাকা থেকে মো. নুরুন্নবী নামের ২৭ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে বিজিবি- ২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান।

গ্রেপ্তার নুরুন্নবী মিয়ানমারের মংডুর সুধাপাড়ার মৃত জহির আহমেদের ছেলে।

বিজিবি কর্মকর্তা মহিউদ্দীন বলেন, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হচ্ছে খবর পেয়ে তাদের একটি দল নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়।

“কিছুক্ষণ পর তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকায় করে সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে জিন্নাহ খালের দিকে আসতে দেখা যায়।”

এ সময় বিজিবি সদস্যরা এক চোরাকারবারিকে গ্রেপ্তার করদে পারলেও অন্য দুজন সাঁতরে মিয়ানমারের ভেতরে চলে যায়।

পরে নৌকা তল্লাশি করে পাটাতনের নিচে লুকিয়ে রাখা অবস্থায় পলিব্যাগে মোড়ানো একটি পোটলা থেকে ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন।

তিনি বলেন, উদ্ধার করা মাদকের দাম আনুমানিক ১৫ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা।

গ্রেপ্তার নুরুন্নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।