২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 02:16 PM

Updated : 25 Sep 2026, 02:41 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে দুর্গাপুর ইউনিয়নের শুরের পুল এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ শামছুজ্জামান।

নিহত ২৬ বছর বয়সী ফখরুল ইসলাম জিহাদ ওই এলাকার কুরাইশ বেপারী বাড়ির জাকের নবী বাবুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এক সন্তানের জনক ফখরুল ইসলাম জিহাদ পেশায় দিনমজুর ছিলেন। এক বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার পরিবারে অশান্তি চলছিল বলে জানান তারা।

ভোরে শুরের পুলের পাশে নির্মাণাধীন একটি ভবনের দেয়ালের দুটি ফুটোর সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় জিহাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি শামছুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।